Game

3 years ago

Rohit Sharma : ছক্কা হাঁকানোয় ধোনিকে পছনে ফেলে দিলেন রোহিত

Mahendra Singh Dhoni - Rohit Sharma
Mahendra Singh Dhoni - Rohit Sharma

 

হায়দরাবাদ, ১৮ জানুয়ারি : ছক্কা হাঁকানোয় মহেন্দ্র সিং ধোনিকে পিছনে ফেললেন বর্তমান ভারত অধিনায়ক রোহিত শর্মা। হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে নিজের তথা দলের হয়ে প্রথম ছক্কা মারার সঙ্গেই ধোনিকে টপকে তালিকার শীর্ষে উঠে আসেন হিটম্যান।

উপ্পলে কিউয়িদের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত। শুভমন গিলকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন ক্যাপ্টেন রোহিত। ইনিংসের তৃতীয় ওভারে নিজের তথা দলের হয়ে প্রথম ছক্কা মারেন রোহিত শর্মা। ২.৬ ওভারে হেনরি শিপলির বল গ্যালারিতে ফেলেন হিটম্যান।ম্যাচে প্রথম ছক্কা হাঁকানোর সঙ্গে সঙ্গে ভারতের মাটিতে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি ছয় মারার রেকর্ড গড়েন রোহিত। তিনি পিছনে ফেলে দেন ধোনিকে। ধোনি ভারতের মাটিতে একদিনের ম্যাচে মোট ১২৩টি ছক্কা মেরেছেন। উপ্পলে ম্যাচের তৃতীয় ওভারে ছক্কা মারার পরে ভারতের মাটিতে রোহিতের একদিনের ছক্কার সংখ্যা দাঁড়ায় ১২৪টি। পরে ইনিংসের পঞ্চম ওভারে ফের শিপলিকে ছয় মারেন রোহিত। সুতরাং দেশের মাঠে রোহিতের একদিনের ক্রিকেটে ছক্কার সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২৫টি। এই নিরিখে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। যদিও তিনি রোহিত ও ধোনির থেকে বেশ কিছুটা পিছিয়ে রয়েছেন। সচিন ভারতের মাঠে একদিনের ম্যাচ খেলতে নেমে মোট ৭১টি ছক্কা মেরেছেন।

সার্বিকভাবে একদিনের ক্রিকেটে সব থেকে বেশি ছক্কা মারা ক্রিকেটারদের তালিকায় চার নম্বরে রয়েছেন রোহিত। তিনি ২৩৯টি একদিনের আন্তর্জাতিক ম্যাচের ২৩২টি ইনিংসে মোট ২৬৫টি ছক্কা মেরেছেন।

একদিনের ক্রিকেটে সব থেকে বেশি ৩৫১টি ছক্কা মেরেছেন শাহিদ আফ্রিদি। তিনি ৩৯৮টি ম্যাচের ৩৬৯টি ইনিংসে ব্যাট করতে নেমেছেন। ৩০১টি ওয়ান ডে ম্যাচের ২৯৪টি ইনিংসে ৩৩১টি ছক্কা মেরে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ক্রিস গেইল। সনৎ জয়সূর্য ৪৪৫টি ওয়ান ডে ম্যাচের ৪৩৩টি ইনিংসে ২৭০টি ছক্কা মেরে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন। সুতরাং, খুব তাড়াতাড়িই একদিনের ক্রিকেটে ছক্কা মারার নিরিখে জয়সূর্যকে টপকে যেতে পারেন রোহিত।

বলাবাহুল্য, ঘরে-বাইরে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি ছক্কা মারার নিরিখে ভারতীয়দের মধ্যে সবার আগে রয়েছেন রোহিত। ৩৫০টি একদিনের ম্যাচের ২৯৭টি ইনিংসে ২২৯টি ছক্কা মেরে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় স্থানে এবং সার্বিক তালিকার পাঁচ নম্বরে রয়েছেন ধোনি।

You might also like!