
মাদ্রিদ, ৩১ ডিসেম্বর : বিশ্বকাপ পর্ব শেষে ক্লাব ফুটবলে করিম বেঞ্জেমা কামব্যাক করলেন স্বমহিমায়। শুক্রবার রাতে রিয়াল ভালাদোলিদের ঘরের মাঠে লা লিগার ম্যাচে জোড়া গোল করেছেন রিয়াল মাদ্রিদের তারকা বেঞ্জেমা। বেঞ্জেমার জোড়া গোলের সুবাদে ২-০ গোলে জয়ের সুবাদে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এই জয়ের ফলে বার্সেলোনাকে সরিয়ে এখন লা লিগার শীর্ষে রিয়াল।
কাতার বিশ্বকাপ শুরু হওয়ার দিনই জানা গিয়েছিল, বাঁ পায়ের উরুর পেশীতে চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ফ্রান্সের অন্যতম সেরা স্ট্রাইকার করিম বেঞ্জেমা। এর পর ফাইনালের আগে গুজব শোনা গিয়েছিল আর্জেন্টিনার বিরুদ্ধে মহারণে মাঠে দেখা যেতে পারে বেঞ্জেমাকে। যদিও শেষ পর্যন্ত তা হয়নি। গত ১৯ ডিসেম্বর নিজের জন্মদিনে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান এ বারের ব্যালন ডি'অর জয়ী। বিশ্বকাপ শেষে ক্লাব ফুটবলে দীর্ঘদিন পর মাঠে নেমে প্রথমার্ধেই সহজ সুযোগ মিস করেন করিম বেঞ্জেমা । ভিনিসিউসের বুলেট গতির শট ঝাঁপিয়ে কোনওমতে ফেরান মাসিপ। আলগা বলে সুযোগ এসে যায় বেঞ্জেমার সামনে। কিন্তু তার শট চলে যায় গোলপোস্টের উপর দিয়ে। ৩০তম মিনিটে সের্হিও লিওনের শট ঠেকিয়ে রিয়ালের ত্রাতা গোলরক্ষক থিবো কোর্তোয়া। ছয় মিনিট পর কোর্তোয়ার দুর্দান্ত সেভে বাড়েনি ব্যবধান। মিডফিল্ডার আলভারো আগুয়াদোর শট ঝাঁপিয়ে ঠেকান রিয়াল গোলরক্ষক। গোল শূন্যভাবে শেষ হয় ম্যাচের প্রথমার্ধ ।দ্বিতীয়ার্ধের শুরু থেকেই রিয়ালকে চেপে ধরে ভাইয়াদলিদ। ৬৭তম মিনিটে অলিম্পিক গোলে এগিয়েও যেতে পারত তারা। আগুয়াদোর কর্নার ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন কোর্তোয়া। পরের মিনিটে লিওনের হেড ঝাঁপিয়ে পড়ে এক হাত দিয়ে কোনওমতে ঠেকিয়ে সমতা ধরে রাখেন তিনি। ৭৯তম মিনিটে কর্নার পায় ভাইয়াদলিদ। সেখান থেকে বল সানচেসের হাতে লাগলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি। প্রতিক্রিয়া দেখাতে গিয়ে লাল কার্ড দেখেন ভাইদয়াদলিদের ফুটবলার লিওন। স্পট কিক থেকে গোল করেন বেঞ্জেমা । ৮৯তম মিনিটে স্কোরলাইন ২-০ করে ফেলেন বেঞ্জেমা। এদুয়ার্দো কামাভিঙ্গার কাছ থেকে পেনাল্টি স্পটের কাছে বল পেয়ে জাল খুঁজে নেন রিয়াল অধিনায়ক।
এই জয়ের ফলে ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে এখন লা লিগার শীর্ষে রিয়াল। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৩৭ পয়েন্ট নিয়ে রয়েছে দুই নম্বরে। এস্পানিওলকে হারিয়ে ফের শীর্ষে ফেরার সুযোগ আছে তাদের। শুক্রবার গভীর রাতে লা লিগার ম্যাচে রিয়াল ভালাদোলিদের বিরুদ্ধে নামার আগে রিয়াল মাদ্রিদের ফুটবলাররা মাঠের মধ্যে একত্রিত হয়ে ফুটবল সম্রাট পেলের উদ্দেশে শ্রদ্ধা জানান। ম্যাচ শুরু হওয়ার আগে এক মিনিট নীরবতা পালন করেন বেঞ্জেমা-থিবোরা।
