
সিলেট, ১০ অক্টোবর : এশিয়া কাপের নিয়মরক্ষার ম্যাচে থাইল্যান্ডকে গুঁড়িয়ে দিল ভারত। ভারতীয় বোলারদের দাপটে মাত্র ৩৭ রানে গুটিয়ে যায় থাইল্যান্ডের ইনিংস। অল্প রান তাড়া করতে নেমে সহজেই জয় পায় ভারত। যদিও হারাতে হয় একটি উইকেট। প্রসঙ্গত, পাকিস্তানকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিল থাইল্যান্ড দলটাই। এশিয়া কাপের শুরু থেকেই দাপুটে পারফরম্যান্স করেছে ভারতের মহিলা দল। পাকিস্তান ছাড়া প্রত্যেকটি দলকেই হারিয়েছে তারা। তবে টুর্নামেন্টের প্রত্যেক ম্যাচেই ভারতের প্রথম একাদশে বেশ কিছু পরিবর্তন করা হয়েছিল। সোমবারের ম্যাচেও বিশ্রাম দেওয়া হয়েছিল ভারত অধিনায়ক হরমনপ্রীত কউরকে। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন স্মৃতি। থাইল্যান্ডের ওপেনার নান্নাপাত কোনচারোয়েঙ্কাই একমাত্র দুই অঙ্কের রানে পৌঁছতে পেরেছেন। মাত্র ১৬ ওভারে শেষ হয়ে যায় থাইল্যান্ডের ইনিংস। ভারতীয় বোলারদের মধ্যে সেরা ছিলেন স্নেহ রানা। চার ওভারে মাত্র ৯ রান দিয়ে তিনটি উইকেট তুলে নিয়েছেন তিনি। দু’টি করে উইকেট নেন দীপ্তি শর্মা ও রাজেশ্বরী গায়কোয়াড়। জবাবে রান তাড়া করতে নেমে একেবারেই সমস্যায় পড়তে হয়নি ভারতকে। আক্রমণ করতে গিয়ে আউট হয়ে যান ভারতের ওপেনার শেফালি ভার্মা। তবে সহজেই ৩৮ রানের টার্গেট ছুঁয়ে ফেলে ভারত। ভারতের পাশাপাশি এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তানও
