Game

3 years ago

India vs New Zealand : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে টসে জিতে ব্যাট করছে ভারত

india-vs-new-zealand-1st-odi-india-won -toss
india-vs-new-zealand-1st-odi-india-won -toss

 

হায়দরাবাদ, ১৮ জানুয়ারি : নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে টস জিতল ভারত। বুধবার হায়দরাবাদে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা । সুতরাং, উপ্পলে রান তাড়া করবে নিউজিল্যান্ড।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে টি-২০ ও ওয়ান ডে সিরিজে দাপটের সঙ্গে জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। বিশেষ করে একদিনের সিরিজে সিংহলিদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বিশ্বকাপের প্রস্তুতি যথাযথভাবে শুরু করেছেন রোহিত শর্মারা। এবার তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে নিউজিল্যান্ডের মুখোমুখি ভারতীয় দল। শ্রীলঙ্কাকে হেলায় হারালেও কিউয়িদের বিরুদ্ধে রোহিতদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। কারণ, লোকেশ রাহুল ও অক্ষর প্যাটেল ব্যক্তিগত কারণে এই সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন। চোটের জন্য দলে নেই শ্রেয়স আইয়ার। তিন তারকার বদলে ভারত হায়দরাবাদে মাঠে নামায় হার্দিক পান্ডিয়া, শার্দুল ঠাকুর ও ইশান কিষাণকে। হার্দিককে শ্রীলঙ্কা সিরিজের শেষ একদিনের ম্যাচে বিশ্রাম দিয়েছিল ভারত। ইশান বাংলাদেশ সফরের শেষ একদিনের ম্যাচে ডাবল সেঞ্চুরি করার পরে ফের ওয়ান ডে ম্যাচে মাঠে নামার সুযোগ পেলেন।

সেই সঙ্গে নিউজিল্যান্ড দল পাকিস্তান সফর থেকে দেশে ফেরেনি। তারা সরাসরি উড়ে এসেছে ভারত সফরে। পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ ড্র করার পরে ওয়ান ডে সিরিজে বাবর আজমদের পরাজিত করে নিউজিল্যান্ড। সুতরাং, রোহিতদের মুখোমুখি হওয়ার আগে প্রথমবার পাকিস্তানের মাটিতে ওয়ান ডে সিরিজ জিতে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছেন কিউয়িরা। তাই তিন ম্যাচের একদিনের সিরিজে সহজ হবে না ভারতের লড়াই।

যদিও নিউজিল্যান্ডের দুই সিনিয়র তারকা কেন উইলিয়ামসন ও টিম সাউদি ভারত সফরে আসেননি। তাই একদিনের সিরিজে কিউয়িদের নেতৃত্বের ব্যাটন রয়েছে টম লাথামের হাতে।

নিউজিল্যান্ডের প্রথম একাদশ : ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, ডারিল মিচেল, টম লাথাম (ক্যাপ্টেন ও উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, হেনরি শিপলি, লকি ফার্গুসন ও ব্লেয়ার টিকনার।

ভারতের প্রথম একাদশ : রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, ইশান কিষাণ (উইকেটকিপার), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (ভাইস ক্যাপ্টেন), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ।


You might also like!