
কলকাতা, ১০ জানুয়ারি : ছয় বছর পর ইডেনে ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। আগামী ১২ জানুয়ারি ইডেন গার্ডেনন্সে ভারত এবং শ্রীলঙ্কার দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। এই খেলাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। রয়েছে টিকিটের ব্যাপক চাহিদাও। ম্যাচে নামবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। আমন্ত্রণ করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও। তবে রাজ্যপাল থাকতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন।
ম্যাচ শুরুর আগে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানেও থাকবে নয়া চমক। এমনটাই দাবি সিএবি’র। ইডেনে আধুনিক মানের প্রেস বক্স করা হয়েছে। নতুন সাজে সেজেছে ভিআইপি লাউঞ্জও। ওয়ান ডে ম্যাচের সবরকমের প্রস্তুতি সেরে ফেলা হয়েছে বলে জানিয়েছেন সিএবি’র সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার ম্যাচের উদ্বোধন করবেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারা।
শহরে এই মুহূর্তে চলছে শীতের আমেজ। চারিদিকে উৎসবের মেজাজ। তার উপর দীর্ঘদিন পর ইডেনে ভারত বনাম শ্রীলঙ্কা-র ম্যাচ। ক্রীড়াপ্রেমীদের উন্মাদনার কথা মাথায় রেখেই ম্যাচ শেষে দর্শকদের বাড়ি ফেরার জন্য রাতে বাড়তি পরিষেবা দেবে মেট্রো রেল। পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলও বাড়তি লোকাল ট্রেন চালাবে।
