
কলকাতা, ২২ জুলাই : বৃহস্পতিবার ২৩ জুলাই স্কটল্যান্ডের গ্লাসগোতে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হচ্ছে ২৩তম কমনওয়েলথ গেমস। বিশ্বের অন্যতম আধুনিক ইনডোর ভেন্যু দ্য হাইড্রোতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
১১ দিনব্যাপী এই আসরে ভারত সহ কমনওয়েলথভুক্ত ৭৪টি দেশ ও অঞ্চলের তিন হাজারের বেশি ক্রীড়াবিদ ১০টি খেলায় মোট ২১৫টি স্বর্ণপদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। ভারত অংশ নিচ্ছে ১০টি ডিসিপ্লিনে ১২৬ জন অ্যাথলেট নিয়ে। আগামী ২ আগস্ট পর্দা নামবে এবারের আসরের। উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে তাৎপর্যপূর্ণ মুহূর্ত হবে ‘কিংস ব্যাটন’ থেকে রাজা তৃতীয় চার্লসের বিশেষ বার্তা পাঠ। ২০২৫ সালের কমনওয়েলথ দিবসে বাকিংহাম প্যালেসে ব্যাটনের ভেতরে রাখা সেই বার্তা পাঠের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হবে গ্লাসগো ২০২৬ কমনওয়েলথ গেমস। প্রায় ৫০০ দিনের যাত্রায় কমনওয়েলথের ৭৪টি দেশ ও অঞ্চল ঘুরে প্রথমবারের মতো সব ব্যাটন একত্রিত হবে গ্লাসগোতে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ব্রিটিশ কিংবদন্তি সাইক্লিস্ট স্যার ক্রিস। ছয়বারের অলিম্পিক ও দুইবারের কমনওয়েলথ স্বর্ণজয়ী এই তারকাই ছিলেন কিংস ব্যাটন রিলের প্রথম বাহক। তিনি বলেন, "নিজের শহরে কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে রাজা ও রানির সঙ্গে থাকতে পারা তার জন্য বিরাট সম্মানের।"
আয়োজক কমিটির চেয়ারম্যান জর্জ ব্ল্যাক বলেছেন, "বিশ্বের অন্যতম সেরা বিনোদন ভেন্যু দ্য হাইড্রোতে এমন একটি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন গ্লাসগোর জন্য গর্বের বিষয়। অনুষ্ঠানজুড়ে স্কটল্যান্ডের সংস্কৃতি, ঐতিহ্য এবং কমনওয়েলথ পরিবারের ঐক্যের বার্তা তুলে ধরা হবে।"
