
কেপটাউন, ২৪ ফেব্রুয়ারি : মহিলা ক্রিকেটে অজিদের কাছে হারার পরম্পরা বজায় রইল। গত টি-২০ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের মধুর প্রতিশোধ নিতে পারল না হরমনপ্রীতরা। বৃহস্পতিবার কেপটাউনে সেমিফাইনালে অজিদের কাছে ৫ রানে হেরে বিশ্বকাপ অভিযান শেষ করল টিম ইন্ডিয়া। জেমাইমা রডরিগজ আর ভারত অধিনায়ক হরমনপ্রীত কাউরের অসামান্য লড়াই ব্যর্থ হল।
জয়ের জন্য ১৭৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় ভারত। দ্বিতীয় ওভারে ব্যক্তিগত ৯ রানে ফিরে যান শেফালি ভার্মা। পরের ওভারে অ্যাশলি গার্ডনারের বলে ফেরেন টিম ইন্ডিয়ার বড় ভরসা স্মৃতি মান্ধানা (৫ বলে ২ রান)। যশ্তিকা ভাটিয়াও তাড়াহুড়ো করে রান নিতে গিয়ে রান আউট হয়ে সাজঘরে ফেরেন। ২৮ রানে তিন উইকেট হারিয়ে হারের মুখে দাঁড়ায় ব্লু ব্রিগেড। এর পরে চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলের বিপদ সামাল দেওয়ার চেষ্টা চালান জেমাইমা রডরিগজ ও টিম ইন্ডিয়ার অধিনায়ক হরমনপ্রীত কাউর।
ভারত অধিনায়ক সাজঘরে ফেরার সময়ে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩২ বলে ৪০ রান। খানিক বাদে রিচা ঘোষকে ফিরিয়ে দেন ডার্সি ব্রাউন (১৭ বলে ১৪)। শেষের দিকে স্নেহ রানা ও দীপ্তি শর্মা মরিয়া হয়ে চেষ্টা চালান। ১৯ তম ওভারের শেষ বলে আউট হন স্নেহ রানা (১০ বলে ১১)। জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ১৬ রান। শূন্য রানে ফেরেন রাধা যাদব। দীপ্তি শর্মা শেষ বলে চার রান নিলেও মাত্র ৫ রানে হেরে মাঠ ছাড়তে হল টিম ইন্ডিয়াকে।
