
নয়াদিল্লি, ১৮ অক্টোবর : সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে নাম ঘোষনা হল বিসিসিআই প্রেসিডেন্টের। মঙ্গলবার বোর্ডের বার্ষিক সাধারণ সভায় বিসিসিআই-এর প্রেসিডেন্ট হিসেবে সরকারিভাবে ঘোষণা হল ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী রজার বিনির নাম।
বিসিসিআই-এর পক্ষ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিকল্প হিসেবে অনেকদিন আগেই রজার বিনির নাম ঘোষণা করা হয়। কর্ণাটক ক্রিকেট অ্য়াসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট বিনি মনোনয়ন জমা দিয়েছিলেন। প্রথমে তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও তা খারিজ হয়ে যায়। সোমবার মুম্বই রওনা দেন সৌরভ। তাঁর উত্তরসূরিকে কাজ বুঝিয়ে দিতে। এরপর এদিন বোর্ডের বার্ষিক সাধারণ সভায় সরকারিভাবে নাম ঘোষণা হল রজার বিনির । সৌরভ তাঁর নাম প্রস্তাব করেন আর বাকি সদস্যরা তাঁতে সমর্থন জানান। তিনি হলেন বিসিসিআই-এর ৩৬ তম প্রেসিডেন্ট। রজার বিনি একমাত্র প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি সৌরভের স্থলাভিষিক্ত হলেন।
