
সিডনি, ৫ নভেম্বর : টি-২০ বিশ্বকাপে অজিদের স্বপ্নভঙ্গ। বিশ্বকাপ থেকেই ছিটকে গেল অস্ট্রেলিয়া। ঘরের মাঠে বিশ্বকাপ জিততে মরিয়া ছিলেন কামিন্স, ম্যাক্সওয়েলরা। কিন্তু, গ্রুপ এ-এর শেষ ম্যাচে শনিবার সিডনিতে ইংল্যান্ড শ্রীলঙ্কাকে হারিয়ে দেওয়ায় নক-আউটের দরজা বন্ধ হয়ে গেল গতবারের চ্যাম্পিয়নদের। গ্রুপের প্রথম দুই দল হিসেবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। টি-২০ বিশ্বকাপের শেষ চারে পৌঁছতে শ্রীলঙ্কার দিকেই তাকিয়ে ছিল অস্ট্রেলিয়া শিবির। গ্রপ এ-থেকে প্রথম দল হিসেবে আগেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছিল নিউজিল্যান্ড। এদিন সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দাসুন সানাকার দলকে হারিয়ে গ্রুপ এ থেকে দ্বিতীয় দল হিসেবে নক-আউটে জায়গা পাকা করে ফেলল ইংল্যান্ড। গ্রপ এ-তে প্রত্যেক দলই ৫টি করে ম্যাচ খেলে ফেলেছে। নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া। তিন দলই ৩টি করে ম্যাচ জিতেছে, হেরেছে ১টি ম্যাচ । আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে থাবা বসিয়েছিল বৃষ্টি। পয়েন্ট ভাগ করে নিতে বাধ্য হয়েছিল অস্ট্রেলিয়া-ইংল্যান্ডও। ফলে এদিন ম্যাচের আগে ৭ পয়েন্ট ছিল নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার ঝুলিতে। ম্যাচ হারলে ৫ পয়েন্ট নিয়ে ছিটকে যেত ইংল্যান্ড। কিন্তু শ্রীলঙ্কা হারতেই নেট-রানরেটের বিচারে বিশ্বসেরা হওয়ার দৌড় থেকে ছিটকে গেল 'ফিঞ্চ অ্যান্ড কোং' ।
