Entertainment

1 hour ago

Ramayana First Look: ভোরের ব্রহ্মমুহূর্তে প্রকাশ্যে ‘রামায়ণ পার্ট ১’-এর ট্রেলার, রাম-রাবণের লড়াইয়ে মুগ্ধ দর্শক

'Ramayana' trailer out
'Ramayana' trailer out

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বহু প্রতীক্ষার অবসান। বৃহস্পতিবার ভোরের ব্রহ্মমুহূর্তে, সকাল ৪টা ১৫ মিনিটে প্রকাশ্যে এল নীতেশ তিওয়ারি পরিচালিত বহুচর্চিত ছবি ‘রামায়ণ পার্ট ১’-এর ট্রেলার। প্রথম ঝলক প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে জোর চর্চা। বিশেষ করে রাবণের ভূমিকায় যশের উপস্থিতি এবং রামের চরিত্রে রণবীর কাপুরের অভিনয় ইতিমধ্যেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। সীতার চরিত্রে সাই পল্লবীকেও স্বাভাবিক ও সাবলীল অভিনয়ের জন্য প্রশংসা করছেন অনুরাগীরা।

প্রায় চার মিনিটের ট্রেলারে তুলে ধরা হয়েছে রামায়ণের চিরন্তন কাহিনির এক মহাকাব্যিক রূপ। শুরুতেই দেখা যায়, রাবণ নিজেকে ত্রিভুবনের সর্বশক্তিমান শাসক হিসেবে ঘোষণা করছে। তার অত্যাচারে যখন দেবতা ও মানবজগৎ বিপর্যস্ত, তখনই বিষ্ণুর অবতার হিসেবে আবির্ভাব ঘটে রামের। এরপর ধাপে ধাপে উঠে এসেছে সীতা স্বয়ংবর, রাম-সীতার বিবাহ, বনবাস এবং অশুভ শক্তির বিরুদ্ধে ধর্ম প্রতিষ্ঠার লড়াইয়ের নানা মুহূর্ত। হাজার কোটি টাকার বিশাল বাজেটে নির্মিত এই ছবির ভিজ্যুয়াল এফেক্টস বা ভিএফএক্স ট্রেলারের অন্যতম আকর্ষণ। মহাকাব্যের আবহ, যুদ্ধের দৃশ্য এবং চরিত্রগুলির উপস্থাপনা আন্তর্জাতিক মানের সিনেমার স্বাদ দিয়েছে বলেই মত দর্শকদের একাংশের।


রামের চরিত্রে নিজেকে বিশ্বাসযোগ্য করে তুলতে দীর্ঘদিন ধরে বিশেষ প্রস্তুতি নিয়েছিলেন রণবীর কাপুর। শারীরিক গঠন থেকে শুরু করে জীবনযাত্রাতেও এনেছিলেন একাধিক পরিবর্তন। সেই পরিশ্রমের প্রতিফলন ট্রেলারেই স্পষ্ট বলে মনে করছেন সিনেপ্রেমীরা। অন্যদিকে রাবণের চরিত্রে যশের গম্ভীর উপস্থিতি এবং সংলাপ ছবির প্রতি কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের দিওয়ালিতে মুক্তি পাবে ‘রামায়ণ পার্ট ১’। ইতিমধ্যেই দ্বিতীয় পর্বের কাজও এগোচ্ছে। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ‘রামায়ণ পার্ট ২’ মুক্তি পেতে পারে ২০২৭ সালের দিওয়ালিতে। 



You might also like!