দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাংলার লোকসঙ্গীত জগতে নেমে এল শোকের ছায়া। প্রয়াত হলেন বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী স্বাগত দে। বুধবার গভীর রাতে বারাসতের একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। তাঁর আকস্মিক প্রয়াণে সঙ্গীতপ্রেমী এবং সাংস্কৃতিক মহলে গভীর শোকের আবহ তৈরি হয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২ আগস্ট ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হলে প্রথমে তাঁকে বারাসত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। উল্লেখ্য, ‘ময়না ছলাত ছলাত’ গানের মাধ্যমে বিশেষ পরিচিতি পান বারাসত নবপল্লীর বাসিন্দা স্বাগত দে।

ভাটিয়ালি-সহ বিভিন্ন ধারার লোকসংগীতে তাঁর সমান দখল ছিল। বিস্মৃতপ্রায় বহু লোকগান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। সংগীতের পাশাপাশি ‘ভিঞ্চিদা’ ছবিতে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছিলেন। স্ত্রী, এক পুত্র ও এক কন্যাকে রেখে গিয়েছেন তিনি। শিল্পীর প্রয়াণে ইতিমধ্যে সমাজমাধ্যমে শোকবার্তা জানিয়েছেন একাধিক শিল্পী। নিজের সমাজমাধ্যমে শোকপ্রকাশ করে সঙ্গীতশিল্পী জোজো মুখোপাধ্যায়। তিনি লিখছেন, ‘তারাদের দেশে ভালো থেকো।’
