Entertainment

2 hours ago

Mahua Biopic: প্রয়াণের ৪১ বছর পর ফের বড়পর্দায় মহুয়া রায়চৌধুরী, প্রকাশ্যে ‘গুন গুন করে মহুয়া’র প্রথম লুক

Mahua Roy Choudhury Biopic
Mahua Roy Choudhury Biopic

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর প্রয়াণের ৪১ বছর পূর্তিতে সামনে এল তাঁর জীবনভিত্তিক সিনেমা ‘গুন গুন করে মহুয়া’-র প্রথম লুক। ২২ জুলাই, যে দিনটি বাংলা চলচ্চিত্র জগতের কাছে এক বেদনাবিধুর স্মৃতি বহন করে, সেই দিনেই নির্মাতারা প্রকাশ করলেন ছবির ফার্স্ট লুক পোস্টার। মুহূর্তেই তা কৌতূহল বাড়িয়েছে দর্শকমহলে।

মাত্র ২৬ বছর বয়সে অগ্নিদগ্ধ হয়ে রহস্যজনক মৃত্যুর ঘটনা আজও ঘিরে রয়েছে নানা প্রশ্ন। টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর জীবন, সাফল্য, ব্যক্তিগত সম্পর্ক এবং আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা জল্পনা। সেই অজানা অধ্যায়গুলিকেই বড়পর্দায় তুলে ধরার চেষ্টা করেছে এই বায়োপিক। রাণা সরকারের প্রযোজনায় এবং রাজদীপ ঘোষের পরিচালনায় তৈরি ছবিতে মহুয়ার চরিত্রে অভিনয় করেছেন ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিক খ্যাত অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। প্রকাশিত পোস্টারে অঙ্কিতার লুক দেখে অনেকেই একঝলকে মহুয়া রায়চৌধুরীকেই মনে করেছেন। জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেকআপ শিল্পী সোমনাথ কুণ্ডুর রূপসজ্জায় অভিনেত্রীকে প্রায় অবিকল মহুয়ার আদলে তুলে ধরা হয়েছে।

প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ২২ জুলাই শুধু একটি স্মৃতিবিজড়িত দিন নয়, বরং সেই দিন থেকেই আবার নতুনভাবে দর্শকের সামনে ফিরে আসছেন মহুয়া। তাঁদের দাবি, অভিনেত্রীর জীবনকে ঘিরে থাকা বহু অজানা রহস্য, সম্পর্কের টানাপোড়েন এবং মৃত্যুর নেপথ্যের নানা প্রশ্নের ইঙ্গিত মিলবে এই ছবিতে। প্রথম লুক প্রকাশের পর থেকেই সিনেমাপ্রেমীদের মধ্যে ছবিটি নিয়ে আগ্রহ বেড়েছে। এখন অপেক্ষা শুধু ‘গুন গুন করে মহুয়া’ কবে বড়পর্দায় মুক্তি পায় এবং মহুয়া রায়চৌধুরীর জীবনের অজানা গল্প কতটা ফুটে ওঠে সেই উত্তর জানার। 

You might also like!