
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: টলিউডে তারকাদের জনপ্রিয়তা ঘিরে অনুরাগীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা নতুন নয়। বিশেষ করে দেব ও জিতের অনুরাগীদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই ফ্যান ওয়ারের ছবি দেখা যায়। তবে এবার সেই বিতর্কেই অন্যরকম নজির তৈরি করলেন দেব। জিতের নতুন ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ (#KBBKBD)-কে নিয়ে তাঁরই একটি ফ্যান পেজের কটাক্ষের বিরুদ্ধে সরব হয়ে স্পষ্ট জানিয়ে দিলেন, জিৎ তাঁর কাছে ‘বড় দাদার মতো’।
সম্প্রতি দেবের একটি ফ্যান পেজে জিতের ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর প্রথম সপ্তাহের ব্যবসা ও দর্শকসংখ্যা নিয়ে নেতিবাচক মন্তব্য করা হয়। ছবির বক্স অফিস রিপোর্ট নিয়েও প্রশ্ন তুলে পোস্টে কটাক্ষ করা হয়েছিল। ছবিটি ভালো হলেও প্রচারিত কালেকশন নাকি বাস্তবের সঙ্গে মিলছে না—এমনই দাবি করা হয় ওই পোস্টে। বিষয়টি দেবের নজরে আসতেই তিনি চুপ করে থাকেননি। সরাসরি ওই ফ্যান পেজের কমেন্ট বক্সে গিয়ে অনুরাগীদের এমন পোস্ট বন্ধ করার অনুরোধ করেন অভিনেতা। তাঁর বক্তব্য, একই ইন্ডাস্ট্রির শিল্পী হিসেবে জিতের প্রতি সম্মান থাকা উচিত। দেব স্পষ্ট করে দেন, জিতের বিরুদ্ধে করা নেতিবাচক পোস্টগুলি সরিয়ে ফেলতে হবে।
শুধু কমেন্ট করেই থেমে থাকেননি দেব। নিজের প্রোফাইল থেকেও বিষয়টি নিয়ে বার্তা দেন তিনি। সেখানে জিতকে ‘বড় দাদা’ হিসেবে উল্লেখ করে তাঁর বিরুদ্ধে থাকা পোস্ট মুছে ফেলার নির্দেশ দেন। একইসঙ্গে অনুরাগীদের উদ্দেশে দেবের আবেদন, সোশ্যাল মিডিয়ায় কাদা ছোড়াছুড়ির বদলে সিনেমাকে সমর্থন করা হোক। জিতের নতুন ছবিটি হলে গিয়ে দেখার কথাও জানান দেব। অনুরাগীদের উদ্দেশে তিনি বলেন, তাঁরাও যেন সিনেমা হলে গিয়ে ছবিটি দেখেন এবং অন্যদেরও ছবিটি দেখার জন্য উৎসাহিত করেন। নিজেও আগামী সপ্তাহে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ দেখবেন বলে জানান অভিনেতা।
দেবের এই অবস্থান প্রকাশ্যে আসার পর দ্রুতই নিজেদের পোস্ট সরিয়ে নেয় সংশ্লিষ্ট ফ্যান পেজ। পাশাপাশি দেবের বক্তব্যের পর ক্ষমাও চাওয়া হয়। ভবিষ্যতে অন্য কোনও নায়ককে নিয়েও নেতিবাচক পোস্ট না করার প্রতিশ্রুতি দেয় পেজটির অ্যাডমিন। যদিও যে পোস্টে দেব নিজে মন্তব্য করেছিলেন, সেটি রেখে দেওয়া হয় তাঁর মন্তব্যের কারণেই। ফ্যান পেজের পক্ষ থেকে দেবের সৌজন্যবোধেরও প্রশংসা করা হয়। তাদের বক্তব্য, দেব বারবার সৌজন্য ও ইতিবাচক পরিবেশের কথা বলেন। তাঁর মতো করে অন্য তারকারাও যদি একইভাবে বিষয়টি দেখতেন, তাহলে ফ্যানদের মধ্যে নেতিবাচকতা অনেকটাই কমত।
প্রসঙ্গত, মুক্তির পর প্রথম সপ্তাহে জিতের ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ প্রায় ১ কোটি ৫৩ লাখ টাকার ব্যবসা করেছে বলে দাবি করা হয়েছে। ছবিকে ঘিরে দর্শকদের আগ্রহের মধ্যেই দেবের এই বার্তা টলিউডের দুই তারকার পারস্পরিক শ্রদ্ধার দিকটিই আরও একবার সামনে আনল। ফ্যান ওয়ারের সময়ে নিজের অনুরাগীদেরই সংযত থাকার বার্তা দিয়ে দেব যেন বুঝিয়ে দিলেন—প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কিন্তু সহকর্মীর প্রতি সম্মান ও সৌজন্য হারানো উচিত নয়।
