
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: নিট কেলেঙ্কারি ঘিরে দেশজুড়ে ছাত্র আন্দোলনের আবহ কিছুটা স্তিমিত হলেও, আন্দোলনের সময় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কিছু বিক্ষোভকারীর অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এবার মুখ খুললেন অভিনেত্রী ভূমি পেড়নেকর। তিনি আন্দোলনের অধিকারের প্রতি সমর্থন জানালেও, প্রতিবাদের ভাষা ও আচরণ নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন।
ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওবার্তায় ভূমি বলেন, “যে ভিডিওগুলো সামনে আসছে, যে ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে, আমাদের দেশের যুবসমাজ যেভাবে কথা বলেছে আমরা তো এভাবে কথা বলি না। আমরা এমন একজন ব্যক্তিকে নিয়ে কথা বলছি যিনি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে রয়েছেন।” তিনি আরও বলেন, জনপরিসরে যে ধরনের ভাষা ব্যবহার করা হচ্ছে, তা ভারতের সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। অভিনেত্রীর বক্তব্য, পরিবারে যেমন বড়দের প্রতি সম্মান দেখানো হয়, তেমনই জনজীবনেও পারস্পরিক সম্মান বজায় রাখা উচিত। অশালীন ভাষা যদি স্বাভাবিক হয়ে ওঠে, তবে সুস্থ ও গঠনমূলক আলোচনা ক্ষতিগ্রস্ত হবে। শিক্ষা, নারী নিরাপত্তা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু নিয়ে মর্যাদাপূর্ণ আলোচনার পক্ষেও সওয়াল করেন তিনি।

তবে এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই সমাজমাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। একাংশের নেটিজেন প্রশ্ন তোলেন, ছাত্রদের ভাষা নিয়ে সরব হলেও আন্দোলনের সময় পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস ব্যবহার এবং বলপ্রয়োগের অভিযোগ নিয়ে কেন তিনি কোনও মন্তব্য করেননি। কেউ কেউ দাবি করেন, সব ধরনের ঘটনার ক্ষেত্রেই একইভাবে সরব হওয়া উচিত। ফলে আন্দোলনের ভাষা ও প্রতিবাদের সীমারেখা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ভূমি পেড়নেকরের মন্তব্যকে ঘিরে সমাজমাধ্যমে মতভেদ আরও স্পষ্ট হয়ে উঠেছে।
