
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিখ্যাত একটি ধারাবাহিকের মেকআপ রুমে শিশুশিল্পীর যৌন হেনস্তার অভিযোগ ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়াল সোশাল মিডিয়ায়। অতীতের একটি ঘটনার প্রসঙ্গ তুলে সোশাল মাধ্যমে দীর্ঘ পোস্ট করেছেন জনপ্রিয় লেখিকা ও প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়ের ছেলে অর্ক গঙ্গোপাধ্যায়। আর সেই পোস্ট প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা ও জল্পনা।
অর্ক তাঁর পোস্টে কারও নাম উল্লেখ না করলেও লেখার প্রতিটি লাইনের মধ্যেই রয়েছে তীব্র ক্ষোভ ও প্রশ্ন। তিনি লেখেন, “একজন ভাইরাল ব্লগার যিনি বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে, কয়েক বছর আগে তাঁর বিরুদ্ধে শিশুশিল্পীকে যৌন হেনস্তার অভিযোগ ওঠে। এই ঘটনাটি একটি বিখ্যাত ধারাবাহিকের মেকআপ রুমে ঘটেছিল। যে ধারাবাহিকের প্রযোজক সংস্থা ছিল বেশ নামজাদা। এই ঘটনা ওই প্রযোজক সংস্থার সামনে আসার আগে থেকে অনেকেই জানতেন। এমনকী শিশুশিল্পীর মা-ও। অভিযুক্ত ব্লগার সকলের সামনে ক্ষমা চান। তারপর ধীরে ধীরে সবই স্বাভাবিক হয়ে যায়। দুর্ভাগ্যবশত আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে দুর্ব্যবহার এমনকী যৌন হেনস্তার মতো অভিযোগকেও মানিয়ে নেওয়া হয়। ধারাবাহিক কিংবা সিনেমার সেটও ব্যতিক্রম নয়।” অর্ক আরও লেখেন, “তবে বর্তমান ঘটনার দায় সকলকে নিতে হবে। কারণ, আমরাই অপরাধীকে আবার অপরাধ করার সুযোগ দিয়েছি। অপরাধের ধরন হয়তো বদলাতে পারে। কিন্তু অপরাধীর ঘৃণ্য মানসিকতার কখনও কোনও বদল হয় না। হয়তো একই থাকে।”
এই পোস্ট প্রকাশ্যে আসার পর থেকেই কমেন্ট সেকশনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—অর্ক কি ‘বিতর্কিত’ ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তীকেই ইঙ্গিত করছেন? কারণ, সম্প্রতি সায়ককে ঘিরে একাধিক বিতর্কে উত্তাল সোশাল মিডিয়া। বিশেষ করে গোমাংস বিতর্কে বেয়ারার ধর্মীয় পরিচয় উল্লেখ করে মন্তব্য করার জেরে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। সেই ঘটনায় অলি পাব কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে ভুল স্বীকার করেছে এবং সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরও প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবু বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না সায়কের। এই প্রেক্ষিতেই অনেকের অনুমান, অর্কের পোস্টের নিশানায় সায়কই। যদিও এই বিষয়ে অর্ক নিজে এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটেছেন। কারও নাম সরাসরি উল্লেখ না করায় জল্পনাই আপাতত ভরসা সোশাল পাড়ার। তবে অভিযোগ, ইঙ্গিত আর বিতর্ক—সব মিলিয়ে বিষয়টি যে আপাতত থামছে না, তা বলাই বাহুল্য।
