
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রায় একবছর হতে চলল সেই দুঃখের মুহূর্তের। 20 নভেম্বর সকলকে কাঁদিয়ে চলে গেলেন ঐন্দ্রিলা। বাংলা ধারাবাহিকে ব্যাপক চর্চায় ছিলেন তিনি। তাঁর অভিনয় সকলের প্রশংসা অর্জন করেছিল। কিন্তু বছর ২৫-এর কোঠাতেই তিনি চলে গেলেন না ফেরার দেশে। আগেও নানান সমস্যার সম্মুখীন হন অভিনেত্রী। ছোট থেকেই কর্কট রোগের সঙ্গে লড়েছিলেন। সেই লড়াই জিতেওছিলেন। এরপর গ্ল্যামার দুনিয়ায় যাত্রা শুরু। একের পর এক সিরিয়াল, সাফল্য-নাম-খ্যাতি উপচে পড়ছিল তাঁর। কিন্তু, গত বছর অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। এরপর দীর্ঘদিন হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তাঁর এই সময় সবসময় পাশে ছিলেন বন্ধু সব্যসাচী। বৃহস্পতিবার অভিনেত্রীকে মরণোত্তর বিশেষ কৃতী সম্মান প্রদান করা হয়। 'জিয়নকাঠি' খ্যাত অভিনেত্রীর বাবা-মা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিন ৬৬ জনকে সম্মান জানানো হয়েছে। শিল্পীদের অন্যান্য পুরস্কারের পাশাপাশি আজীবন এবং মরণোত্তর স্বীকৃতি দেওয়া হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে বন্ধু সব্যসাচী জানিয়েছেন, “ ২৫ বছর সম্পূর্ণ হওয়ার আগেই ও চলে গেল। এর মধ্যে ও যে কটা কাজ করেছে তাতে ওকে মানুষ মনে রেখেছে। একজন শিল্পী হিসাবে এটা বিরাট প্রাপ্তি। ওর বাবা মা এসেছিলেন। এটা তাঁদের কাছে একদিকে যেমন কষ্টের মুহূর্ত, তেমন গর্বেরও বটে।”
