
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সপ্তাহান্ত এলেই অনেকের মনে ঘুরপাক খায় একটাই প্রশ্ন—ওটিটি-তে নতুন কী দেখা যায়? প্রতি সপ্তাহের মতো এবারও একাধিক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে বিভিন্ন ভাষার একাধিক ছবি ও ওয়েব সিরিজ়। বলিউডের মজার কমেডি থেকে বাংলা ক্রাইম থ্রিলার—বিনোদনের তালিকায় থাকছে নানা স্বাদের গল্প। তবে এই সপ্তাহান্তের অন্যতম আকর্ষণ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ ছবি, যা দর্শকদের নজর কাড়তে চলেছে।
১) ওয়েলকাম টু দ্য জঙ্গল: ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজ়ির ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ এ বার ওটিটি-তে। অক্ষয় কুমার, সুনীল শেট্টী, পরেশ রাওয়াল, দিশা পটানী, জ্যাকলিন ফার্নান্ডেজ়, রবীনা টন্ডন, লারা দত্ত, জ্যাকি শ্রফ, জনি লিভার-সহ বহু তারকা নিয়ে তৈরি এই ছবি। পরিচালনা করেছেন আহমেদ খান। গল্পে একদল গ্যাংস্টার, অভিনেতা ও সাধারণ মানুষ একটি ভুয়ো ছবি তৈরির পরিকল্পনায় জঙ্গলে যায়। সেখানে পরিস্থিতি দ্রুত বদলে যায় এবং তাদের জড়িয়ে পড়তে হয় সন্ত্রাসবাদীদের সঙ্গে। তবে সবটাই হয় হাসির মোড়কে। ২৬ জুন ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। ২১ অগস্ট জিয়ো হটস্টারে ছবিটি মুক্তি পাবে।
২) ক্লিন আপ কোম্পানি: অপরাধের দুনিয়ায় খুন করা যতটা কঠিন, তার প্রমাণ লোপাট করাও কম ঝক্কির নয়। সেই কাজকেই ব্যবসা বানিয়ে ফেলে তিন বন্ধু। রোহন ঘোষ পরিচালিত ‘ক্লিন আপ কোম্পানি’ মূলত সারিবগঞ্জ নামের এক দুর্নীতিগ্রস্ত সীমান্ত শহরের গল্প। রাজু, স্বপন ও গোল্ডি আচমকাই অপরাধের জায়গা পরিষ্কার করে মৃতদেহ সরানোর কাজে ঢুকে পড়ে। ব্যবসা জমে উঠতেই তাদের ঘাড়ে এসে পড়ে আরও বড় অপরাধজগতের চাপ এবং তদন্তকারীর নজর। রবি কিশন, অমে ওয়াঘ, বিশাল জেঠওয়া, যিশু সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, তুহিনা দাস, অনিন্দিতা রায়চৌধুরী-সহ অভিনেতাদের নিয়ে আট পর্বের এই ডার্ক কমেডি ক্রাইম থ্রিলারটি ২১ অগস্ট আমাজ়ন এমএক্স প্লেয়ারে মুক্তি পাবে।
৩)অজেয়া: বাংলা ওটিটিতে এ সপ্তাহের অন্যতম প্রতীক্ষিত নাম ‘অজেয়া’। অয়ন চক্রবর্তীর পরিচালনায় তৈরি এই সিরিজ়ে অভিনয় করেছেন সোহিনী সরকার, ইন্দ্রাশিস রায়, রুকমা রায় ও মৈনাক বন্দ্যোপাধ্যায়। মহিলাদের নিরাপত্তা এবং তার সঙ্গে জড়িয়ে থাকা ভয়, সামাজিক বাস্তবতা ও অপরাধের আবহকে কেন্দ্র করে এগিয়েছে গল্প। ঝলকেই তার ইঙ্গিত মিলেছে। ২১ অগস্ট হইচই-তে মুক্তি পাবে সিরিজ়টি।
৪) জন নয়গন: বিজয়ের শেষ ছবি হিসাবে ‘জন নয়গন’-এর গুরুত্ব আলাদা। তামিল রাজনৈতিক ছবিতে বিজয়কে দেখা যায় এক প্রাক্তন পুলিশকর্মীর চরিত্রে, যে ব্যক্তিগত ও রাজনৈতিক সংঘাতের মধ্যে আবার লড়াইয়ে জড়িয়ে পড়ে। ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন পূজা হেগড়ে, ববি দেওল, প্রকাশ রাজ, প্রিয়মণি। ২৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তির পরে ২১ অগস্ট জ়িফাইভ-এ আসছে ছবিটি।
৫) ব্লাড স্যাকরিফাইস: ‘লুপিন’ ও ‘হাইজ্যাক’-এর স্রষ্টা জর্জ কে-র তৈরি এই পাঁচ পর্বের সিরিজ়। সুইডিশ ক্রাইম থ্রিলারে দেখা যায়, পর পর পুলিশকর্মীদের খুন হচ্ছে। তদন্তের দায়িত্বে থাকা থমাসকে বাধ্য হয়ে তার বাবা আলফ্রেডের সাহায্য নিতে হয়। বাবার সঙ্গে সম্পর্ক ভাল নয় থমাসের। আলফ্রেড নিজেও একজন অবসরপ্রাপ্ত পুলিশকর্মী। বাবা-ছেলের পুরনো দূরত্বের মধ্যেই শুরু হয় হত্যাকারীকে খুঁজে বার করার দৌড়। সিরিজ়টি ২০ অগস্ট নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে।
