
নয়াদিল্লি, ১৪ জুলাই : লালকেল্লা আগেই ছুঁয়েছিল। এ শুক্রবার সকালে সুপ্রিম কোর্ট চত্বরে পৌঁছে যায় যমুনার জল। ডুবে গিয়েছে রাজঘাট এলাকাও। যার জেরে উদ্বিগ্ন দিল্লির প্রশাসন। এই পরিস্থিতিতে দিল্লির উপ-রাজ্যপাল ভি কে সাক্সেনা বললেন, টিম হিসেবে কাজ করতে হবে আমাদের।
শুক্রবার সকালে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা এবং দুই মন্ত্রী অতীশি ও সৌরভ ভরদ্বাজ বিকাশ ভবন, আইটিও-তে জলমগ্ন এলাকা পরিদর্শন করেন। সেখানে ড্রেন রেগুলেটর ক্ষতিগ্রস্ত হয়েছে, তা পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠেছে৷ পরে সেখানে যান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। ড্রেন রেগুলেটর যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই স্থান পরিদর্শন করেন কেজরিওয়াল।
তিনি বলেন, "বন্যা পরিস্থিতির কারণে পাম্প রুমে জল ঢুকেছে। চন্দ্রওয়াল, ওখলা ও ওয়াজিরাবাদে আমাদের ৩টি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট যমুনার তীরে আছে, সেখানেও জল ঢুকে গিয়েছে এবং আমরা মেশিন চালাতে পারছি না। তাই জলস্তর নিচে না যাওয়া পর্যন্ত আমরা মেশিনগুলি চালানো শুরু করতে পারব না।"
এদিনই বিবাদকে দূরে ঠেলে কেজরিওয়ালকে পাশে রেখে বললেন সাক্সেনা বলেন, একটি টিম হিসেবে কাজ করতে হবে আমাদের।
