
ডোডা, ৪ ফেব্রুয়ারি : যোশীমঠের মত আতঙ্ক এবার জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায়। ডোডা জেলায় ফাটল দেখা গিয়েছে কমপক্ষে ২১টি বাড়িতে। ফাটল দেখা দেওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এসডিএম আতহার আমিন জারগার শনিবার সকালে জানান, ২১টি বাড়িতে শুক্রবার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রভাবিত অঞ্চল একই স্থানে সীমাবদ্ধ, যেমনটি আজ সকালে পর্যবেক্ষণ করা হয়েছে।"
শনিবার সকালে প্রভাবিত এলাকা খতিয়ে দেখে ডোডা প্রশাসন এবং জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটি দল। এসডিএম আতহার আমিন জারগার জানিয়েছেন, ডোডার ডেপুটি কমিশনার ডোডা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। সরকার জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটি দল পাঠিয়েছে এবং তারা গবেষণা পরিচালনা করছে। এলাকা খালি করে দেওয়া হয়েছে।
জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা এদিন বলেছেন, ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর খালি করা হয়েছে। ভীতির পরিবেশ তৈরি করার দরকার নেই। সরকার ও প্রশাসন বিষয়টি নজরে রাখছে। বিজ্ঞানীদের পরামর্শ সহ সর্বোত্তম অনুশীলনগুলি অনুসরণ করা হবে।
