
গুয়াহাটি: শনিবার (৯ মার্চ) পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে ৪,৫০০ কোটি টাকারও অধিক মূল্যের রেল ও সড়ক সেক্টরের একাধিক উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন করবেন প্রধানম নরেন্দ্র মোদী। ওইদিনই যোরহাট (অসম) থেকে অসমের ১,৩২৮ কোটি টাকা মূল্যের দুটি রেলওয়ে প্রকল্প উৎসর্গ করবেন তিনি।
এ খবর জানিয়ছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে। তিনি জানান, প্রধানমন্ত্রী রেল লাইনের বৈদ্যুতিকীকরণের একাধিক প্রকল্প রাষ্ট্রের নামে উৎসর্গ করবেন, যা উত্তরবঙ্গ ও নিকটবর্তী অঞ্চলের জনগণকে উপকৃত করবে। এই প্রকল্পগুলির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে একলাখি-বালুরঘাট সেকশন, বারসোই-রাধিকাপুর সেকশন, রানিনগর জলপাইগুড়ি-হলদিবাড়ি সেকশন, শিলিগুড়ি-আলুয়াবাড়ি সেকশন ভায়া বাগডোগরা এবং শিলিগুড়ি-সেবক-আলিপুরদুয়ার জংশন-শামুকতলা (আলিপুরদুয়ার জংশন-নিউ কোচবিহার সমেত) সেকশন।
এছাড়া মণিগ্রাম-নিমতিতা সেকশনে রেলওয়ে লাইনের দ্বৈতকরণ প্রকল্প এবং আমবাড়ি ফালাকাটা-আলুয়াবাড়িতে অটোমেটিক ব্লক সিগনালিং সহ নিউ জলপাইগুড়িতে ইলেকট্রনিক ইন্টারলকিং-এর পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ রেলওয়ে প্রকল্পও দেশের প্রতি উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। তাছাড়া প্রধানমন্ত্রী শিলিগুড়ি ও রাধিকাপুরের মধ্যে একটি নতুন প্যাসেঞ্জার ট্রেন পরিষেবার সূচনা করবেন। এই রেল প্রকল্পগুলির ফলে অঞ্চলটিতে রেল যোগাযোগ উন্নত, পণ্যবাহী ট্রেন চলাচলের সুবিধা হবে এবং কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক বিকাশে অবদান রাখবে।
এই রেলওয়ে প্রকল্পগুলির পাশাপাশি প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে ৩,১০০ কোটি টাকা মূল্যের দুটি জাতীয় সড়ক প্রকল্পও উদ্বোধন করবেন। এই প্রকল্পগুলিতে অন্তর্ভুক্ত রয়েছে এনএইচ ২৭-এর চার লেনের ঘোষপুকুর-ধুপগুড়ি সেকশন এবং এনএইচ ২৭-এ চার লেনের ইসলামপুর বাইপাস।
ঘোষপুকুর-ধুপগুড়ি সেকশন হলো দেশের অন্যান্য অংশের সাথে পূর্ব ভারত সংযোগী উত্তর-দক্ষিণ পরিবহণ করিডোরের একটি অংশ। এই সেকশনটি চার লেন করা হলে উত্তরবঙ্গ ও উত্তর-পূর্বাঞ্চলের সংযোগ ব্যবস্থা সুগম হবে। চার লেনের ইসলামপুর বাইপাস ইসলামপুর শহরের যানজট হ্রাস করবে। সড়ক প্রকল্পগুলি এই অঞ্চলে ঔদ্যোগিক ও অর্থনৈতিক বিকাশের গতি বৃদ্ধি করবে।
এছাড়া প্রধানমন্ত্রী অসমের যোরহাট থেকে রেলওয়ে লাইনের দুটি ডাবলিং প্রকল্প দেশের প্রতি উৎসর্গ করবেন। এগুলি যথাক্রমে ৮০৭ কোটি এবং ৫২১ কোটি টাকা ব্যয়ে স্থাপিত নিউ বঙাইগাঁও-গোয়ালপাড়া-কামাখ্যা ডাবলিং প্রকল্পের অধীনে ধুপধরা-ছয়গাঁও সেকশনের (৩৪.১১৭ কিমি) ডাবলিং এবং নিউ বঙাইগাঁও-রঙিয়া-আাগিয়াঠুরি ডাবলিং প্রকল্পের অধীনে নিউ বঙাইগাঁও-সরভোগ সেকশনের (৩৬.৪২ কিমি) ডাবলিং প্রকল্প। এই প্রকল্পগুলি উভয় সেকশনে যানজট হ্রাস করতে এবং মসৃণ ট্রেন চলাচলের ক্ষেত্রে সহায়ক হবে।
