
নয়াদিল্লি, ১ জুন : তাপপ্রবাহের পরিস্থিতি প্রশমিত হয়েছে দেশে। দিল্লি-সহ দেশের বিভিন্ন রাজ্যে আগামী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আইএমডি। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) পূর্বাভাসে জানিয়েছে, চলতি সপ্তাহে উত্তর-পূর্ব ভারত ও দক্ষিণ ভারতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৩ থেকে ৬ জুন পর্যন্ত অসম ও মেঘালয়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বইবে ঝোড়ো হাওয়াও।
পূর্ব ভারতের ক্ষেত্রে আগামী ৬ জুন পর্যন্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি প্রত্যাশিত। আইএমডি আরও জানিয়েছে, আগামী ৫ জুন পর্যন্ত পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন রাজস্থানেও একইরকম থাকবে আবহাওয়া। ২ থেকে ৪ জুন পর্যন্ত পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ ও ছত্তিশগড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা হাওয়া বইতে পারে।
