Country

57 minutes ago

Amit Shah : ‘মাওবাদীদের অস্তিত্ব শেষের পথে’, বস্তারে দাঁড়িয়ে বড় দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের

Amit Shah
Amit Shah

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:একসময় লাল সন্ত্রাসের আঁতুড়ঘর হিসেবে পরিচিত ছিল ছত্তিশগড়ের বস্তার। তবে সেই পরিস্থিতি এখন অতীত বলেই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার বস্তারে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেন, “ভারত এখন মাওবাদীমুক্ত।” তাঁর কথায়, কয়েক বছর আগে মাওবাদ দমনের যে লক্ষ্য নেওয়া হয়েছিল, তা সফলভাবে বাস্তবায়িত হয়েছে। এখন কেন্দ্রের মূল লক্ষ্য বস্তার-সহ ছত্তিশগড়ের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠা।

সোমবার বস্তারের নেতানারে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে জনগণের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা এখন গর্বের সঙ্গে বলতে পারেন, ভারত এখন মাওবাদীমুক্ত।” এরপরই উন্নয়নের বার্তা দিয়ে শাহ বলেন, ”নিরাপত্তার পাশাপাশি এখন সময় সেবা ও উন্নয়নের। সরকারি প্রকল্প ও পরিষেবাগুলি এমন সব এলাকায় সহজে পৌঁছে যাচ্ছে, যেখানে একটা সময় পা রাখার সাহস পেত না মানুষ।” এই এলাকায় একসময় মাওবাদীদের বিরুদ্ধে ব্যবহৃত নিরাপত্তাবাহিনীর ক্যাম্পকে জনসেবা কেন্দ্রের রূপ দেওয়া হয়েছে। তেমনই এক জনসেবা কেন্দ্রের উদ্বোধন করেন শাহ। জানান, এটাই আগামিদিনে বস্তারের মডেল হতে চলেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী স্মরণ করিয়ে দেন, ২০২৪ সালের ২১ জানুয়ারি সরকার ঘোষণা করেছিল ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশকে মাওবাদীমুক্ত ঘোষণা করা হবে। আর সেই লক্ষ্যে পৌঁছতে পারাটা শুধু নিরাপত্তাবাহিনীর সাফল্য নয়, বরং সাধারণ মানুষের সম্মিলিত প্রত্যাশার জয়। পাশাপাশি জানান, মাওবাদ খতম হলেও আসল কাজ সবে শুরু হয়েছে। নিরাপত্তাবাহিনীর কাজে ব্যবহৃত শিবিরগুলিকে পর্যায়ক্রমে ‘জনসেবা কেন্দ্রে’ রূপান্তরিত করা হবে। প্রথম পর্যায়ে প্রায় ২০০টি শিবিরের মধ্যে ৭০টিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কেন্দ্রগুলির মাধ্যমে স্থানীয় বাসিন্দারা এক জায়গায় বিভিন্ন সরকারি প্রকল্প, শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা পাবেন। এই কেন্দ্রগুলির নামকরণ করা হবে ‘শহিদ বীর গুণ্ডাধুর সেবা ডেরা’ নামে। ধীরে ধীরে প্রত্যন্ত অঞ্চলগুলিতে গড়ে তোলা হবে রাস্তাঘাট, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র ও কর্মসংস্থানের সুযোগ।

বস্তারের বাস্তব পরিস্থিতির কথা উল্লেখ করে অমিত শাহ বলেন যে, এই অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা হলো শিক্ষা ও উন্নয়নের অভাব। নকশালবাদ উন্নয়নের দৌড়ে এই অঞ্চলকে উল্লেখযোগ্যভাবে পিছিয়ে দিয়েছিল, কিন্তু এখন রাস্তাঘাট, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ফলে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের কথাও উল্লেখ করেন এবং বলেন যে দেশের তিনটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ (কাশ্মীর, উত্তর-পূর্ব এবং নকশালবাদ) এখন নির্মূলের দ্বারপ্রান্তে।

সবশেষে অমিত শাহ ‘অপারেশন ব্ল‍্যাক ফরেস্ট’-এর কথা উল্লেখ করেন। তিনি বলেন, এই কঠিন অভিযান চালানো না হলে বস্তারের আজকের এই পরিবর্তন কখনই সম্ভব হত না। বস্তার এখন ধীরে ধীরে ভয়কে পিছনে ফেলে উন্নয়ন এবং পারস্পরিক আস্থার এক নতুন পথে এগিয়ে চলেছে।

You might also like!