বেঙ্গালুরু, ১১ নভেম্বর : বেঙ্গালুরুতে কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের(Kempegowda International Airport) টার্মিনাল ২-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi ) । পাশাপাশি নাদপ্রভু কেম্পেগৌড়ার ১০৮ ফুট উঁচু ব্রোঞ্জের মূর্তি, যা 'সমৃদ্ধির মূর্তি' নামে পরিচিত সেই মূর্তি উন্মোচন করেছেন। এছাড়াও বেঙ্গালুরুর কেএসআর রেলস্টেশনে সবুজ পতাকা নেড়ে চেন্নাই-মাইসুরু বন্দে ভারত এক্সপ্রেস (Vandey Bharat )এবং ভারত গৌরব কাশী দর্শন(Kashi Darshan ) ট্রেনের যাত্রার সূচনা করেছেন।
শুক্রবার অনেক সকালেই বেঙ্গালুরুতে এসে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেঙ্গালুরুর বিধান সৌধে সন্ত কবি কনকদাস ও মহর্ষি বাল্মীকিকে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের শুরু করেছেন প্রধানমন্ত্রী। এরপর বেঙ্গালুরুর কেএসআর রেল স্টেশন থেকে সবুজ পতাকা নেড়ে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ও ভারত গৌরব কাশী দর্শন ট্রেনের যাত্রার সূচনা করেছেন প্রধানমন্ত্রী। কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ২-এর উদ্বোধন করার পর এদিন ঘুরেও দেখেছেন প্রধানমন্ত্রী।
এদিন একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেন, কর্ণাটক নিজস্ব প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পেয়েছে এবং সেই সঙ্গে বেঙ্গালুরু বিমানবন্দরে একটি নতুন টার্মিনাল উদ্বোধন করা হয়েছে, যা বেঙ্গালুরুর জনগণের প্রয়োজন ছিল। প্রধানমন্ত্রী বলেছেন, 'স্টার্ট-আপ' চেতনার প্রতিনিধিত্ব করে বেঙ্গালুরু। বিশ্বজুড়ে ভারত নিজস্ব স্টার্ট আপের জন্য পরিচিত।
প্রধানমন্ত্রী কর্ণাটক থেকে নিজের দক্ষিণ ভারত যাত্রার সূচনা করেছেন। তিনি তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানাতেও যাবেন। প্রধানমন্ত্রী মোদী তামিলনাড়ুর ডিন্ডিগুলে গান্ধীগ্রাম গ্রামীণ ইনস্টিটিউটের ৩৬ তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। শনিবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। তেলেঙ্গানার রামাগুন্ডমের আরএফসিএল প্ল্যান্ট পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী রামাগুন্ডমে একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন।
