
সিওয়ান, ১০ মার্চ : ফের স্বঘোষিত গোরক্ষকদের তাণ্ডব বিহারের মাটিতে। গো-মাংস নিয়ে যাচ্ছে, নিছক এই সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল বিহারের সিওয়ান জেলায়। এখনও পর্যন্ত এই ঘটনায় পুলিশ স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান সহ ৩জনকে গ্রেফতার করেছে। ওই খুনের ঘটনায় জড়িত এমন আরও ২জনের সন্ধান শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পটনা থেকে ১১০কিমি দূরে সিওয়ান জেলার যোগিয়া গ্রামে। মৃত ব্যক্তির নাম নাসিম কুরেশি। তাঁর বয়স ৫৬ বছর। বাড়ি যোগিয়ার পাশেই থাকা হাসানপুর গ্রামে।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে নাসিম ও তাঁর ভাইপো ফিরোজ আহমেদ কুরেশি সাইকেল চালিয়ে কাজের হায়গা থেকে বাড়ি ফিরছিলেন। যোগিয়া গ্রামে তাঁদের পথ আটকে দাঁড়ায় ওই গ্রামেরই কিছু মানুষ। সেই সময় ফিরোজ পালিয়ে আসতে সক্ষম হলেও নাসিমকে ধরে রড, বাঁশ, লাঠি দিয়ে মারতে থাকেন ওই মাতব্বররা। তারা নাসিমের বিরুদ্ধে অভিযোগ তোলে যে সে গো-মাংস নিয়ে যাচ্ছে। যদিও পুলিশের দাবি, ঘটনার পরে সেই ধরনের কিছুই পাওয়া যায়নি। গণপিটুনিতে অচেতন নাসিমকে পুলিশ গিয়ে উদ্ধার করে তাঁকে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ৩জনকে গ্রেফতার করেছে।
