
নয়াদিল্লি, ১২ মে : ভারত তথা বিশ্বজুড়ে শুক্রবার ''আন্তর্জাতিক নার্স দিবস'' পালিত হচ্ছে। আধুনিক নার্সিং-এর পথ প্রদর্শক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী স্মরণ করে প্রতি বছর ১২-ই মে পালিত হয় ''ইন্টারন্যাশনাল নার্সেস ডে''। চিকিত্সা ক্ষেত্রে ডাক্তারদের পাশাপাশি নার্সদের গুরুত্বপূর্ণ ভূমিকা সবাইকে স্মরণ করিয়ে দেয় এই দিনটি। এবছর দিনটি পালনের মূল ভাবনা “আমাদের নার্স – আমাদের ভবিষ্যত”। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্, এই দিবসে স্বাস্থ্য পরিষেবার ভিত হিসেবে কঠোর পরিশ্রম এবং নিঃস্বার্থ সেবার কথা স্মরণ করে তাঁদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, বিশেষ করে অতিমারীর সময় মানুষের জীবন রক্ষায় তাদের অসামান্য আত্মত্যাগের দৃষ্টান্ত মানব জাতিকে চিরকাল অনুপ্রাণিত করবে।
