
নয়াদিল্লি, ২২ মে: তীব্র গরমের দহনজ্বালায় রীতিমতো অতিষ্ঠ সমগ্র উত্তর-পশ্চিম ভারত। দাবদাহে নাজেহাল রাজধানী দিল্লি, রাজস্থান, পঞ্জাব এবং হরিয়ানাও। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, আগামী ৪ দিন এমনই আবহাওয়া থাকবে উত্তর-পশ্চিম ভারতে। তাপপ্রবাহ পরিস্থিতি বজায় থাকবে উত্তর মধ্যপ্রদেশ ও গুজরাটেও।
দেশের উত্তর-পশ্চিম ভারত যখন গরমে নাজেহাল, তখন দক্ষিণ ভারতে আবার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, ২৩ মে, বৃহস্পতিবার কেরল ও মাহে-তে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আইএমডি-র পক্ষ থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে। আবার উত্তর-পূর্বের রাজ্য ও মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।
