
পাটনা, ২৪ ডিসেম্বর : উত্তর প্রদেশ ও বিহারের হিন্দিভাষীদের সম্পর্কে ডিএমকে সাংসদ দয়ানিধি মারান যে মন্তব্য করেছেন, তার তীব্র সমালোচনা করলেন শীর্ষ বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। রবিবার পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিএমকে সাংসদ দয়ানিধি মারানের বক্তব্যের সমালোচনা করে রবিশঙ্কর প্রসাদ বলেছেন, "তাঁদের (বিহারের মানুষকে) অপমান করা বন্ধ করা উচিত। নীতীশ কুমারের অধীনে রাজ্যের অবস্থার কারণে বিহারের মানুষ সেখানে যেতে বাধ্য হয়, যিনি তাদের আইএনডিআই জোটের সদস্য।"
ডিএমকে সংসদের মন্তব্যের সমালোচনা করে বিহারে বিজেপির সভাপতি সম্রাট চৌধুরী বলেছেন, "২০২৪-এ আইএনডিআই জোটের দুই সদস্য লালু প্রসাদ যাদব এবং নীতীশ কুমারকে পরাজিত করবে বিজেপি।" প্রসঙ্গত, এদিন পাটনায় নমো কার র্যালির সূচনা করেন রবিশঙ্কর প্রসাদ ও সম্রাট চৌধুরী। এদিকে, ডিএমকে সাংসদের মন্তব্য প্রসঙ্গে বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বলেছেন, "এম করুণানিধির দল ডিএমকে সামাজিক ন্যায়বিচারে বিশ্বাস করে। তাঁদের দলের কোনও সদস্য যদি উত্তর প্রদেশ ও বিহারের মানুষদের সম্পর্কে এমন কিছু বলে থাকেন, তাহলে তা নিন্দনীয় এবং আমরা এই ধরনের মন্তব্যের সঙ্গে একমত নই।"
উল্লেখ্য, উত্তর প্রদেশ ও বিহারের যে হিন্দিভাষীরা তামিলনাড়ুতে আসেন তাঁরা নাকি শৌচাগার পরিষ্কারের কাজ করেন। এমনই বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে জড়ালেন ডিএমকে সাংসদ দয়ানিধি মারান। ভাইরাল হয়ে গিয়েছে তাঁর এহেন মন্তব্যের ভিডিও। যা শেয়ার করে ক্ষোভ উগরে দিয়েছে বিজেপি। কেন মারানের এই মন্তব্যের বিরোধিতা করছেন না ওই দুই রাজ্যের আইএনডিআই জোটের প্রতিনিধিরা সেই প্রশ্ন তুলেছেন বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। ঠিক কী বলেছেন মারান? ভাইরাল ভিডিও ক্লিপে ডিএমকে সাংসদকে ইংরেজি শিক্ষিত ও কেবলমাত্র হিন্দি ভাষায় শিক্ষিত মানুষের মধ্যে তুলনা করতে দেখা যায়। তিনি বলেন, যাঁরা ইংরেজি জানেন তাঁরা তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কাজ খুঁজে নেন। কিন্তু হিন্দিভাষীরা শেষ পর্যন্ত এই রাজ্যে এলে তাঁরা নির্মাণকাজ, রাস্তা সাফাই ও শৌচাগার পরিষ্কারের কাজই পান।
