Country

1 year ago

Rajkot Gaming Zone Fire:রাজকোটের গেমিং জ়োন অগ্নিকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার

Burnt bodies were recovered in sacks
Burnt bodies were recovered in sacks

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গুজরাতের রাজকোটের গেমিং জ়োনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম ধওয়াল ঠক্কর। সোমবার তাঁকে রাজস্থানের আবু রোডে তাঁর এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। সেখানে ওই আত্মীয়ের বাড়িতে লুকিয়ে ছিলেন ধওয়াল। গেমিং জ়োনে অগ্নিকাণ্ডের ঘটনায় এই নিয়ে মোট চার জনকে গ্রেফতার করল পুলিশ।

গেমিং জোনের ৬ মালিকের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এর আগে এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। তারা হলেন গেমিং জোনটির অন্যতম মালিক যুবরাজ সিংহ সোলাঙ্কি, রাহুল রাঠৌড় এবং ম্যানেজার নীতীশ জৈন। পুলিশের বক্তব্য অনুযায়ী, ওখানে প্রচুর পরিমাণে অতিদাহ্য পদার্থ মজুত ছিল। অগ্নিকাণ্ডের সময় ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। যার ফুলকি থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা। 

এই অগ্নিকাণ্ডের ঘটনায় শহরের পুরসভা এবং রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করেছে গুজরাত হাইকোর্ট। এই ঘটনাকে মনুষ্যসৃষ্ট বিপর্যয় বলেও বর্ণনা করা হয়েছে। হাইকোর্টের বিচারপতির রাজকোট পুরসভার উদ্দেশে প্রশ্ন, ''আপনারা কি অন্ধ হয়ে গিয়েছিলেন? আপনারা কি ঘুমিয়ে ছিলেন?'' আদালত সাফ জানিয়েছে, তাঁদের স্থানীয় পুরসভা এবং রাজ্য সরকারের উপর আর কোনও ভরসা বা আস্থা নেই। 

গেমিং জোনে যখন আগুন লাগে তখন ধাক্কাধাক্কা-ঠেলাঠেলিতে অনেকেই বাইরে বেরিয়ে আসতে পারেননি। ভিতরেই অগ্নিদগ্ধ হন বহু মানুষ। পথ সরু হওয়ায় এবং তার উপর জ্বলন্ত কাঠ ও লোহার পাইপ পড়ে যাওয়ায় বাইরে বেরোতে পারেননি অনেকে। কেউ কাঠামোর নীচে চাপা পড়ে গিয়েছেন, কারও আবার দাউদাউ আগুনে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ঘটেছে।  

পুলিশি তদন্তে উঠে এসেছে, ওই গেমিং জোনের কোনও ‘ফায়ার লাইসেন্স’ ছিল না। এমনকী, দমকলের ছাড়পত্রও ছিল না। তাহলে কী ভাবে ওই গেমিং জোন চলছিল, সেটা নিয়েই প্রশ্ন উঠেছে। 


You might also like!