
নয়াদিল্লি, ৩০ জানুয়ারি : বৃষ্টি হয়েই চলেছে রাজধানী দিল্লিতে, বৃষ্টিতে ভিজছে মরুরাজ্য রাজস্থানও। সোমবারও হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে রাজধানী দিল্লি ও সংলগ্ন অঞ্চলে। আবার রাজস্থানে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে জমির ফসল। ফলে মাথায় হাত কৃষকদের।
মেঘলা আকাশ ও ঠান্ডার মধ্যেই সোমবার সকালে ঘুম ভেঙেছে দিল্লিবাসীর। রাজধানীতে এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি হলেও, শীতের দাপট বেশ ভালোই ছিল দিল্লিতে। বিগত ২৪ ঘন্টায়, সোমবার সকাল ৮.৩০ মিনিট পর্যন্ত দিল্লিতে ২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
