
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ৫২ বছরের ব্যাচেলর রাহুল গান্ধী কি সত্যি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন? - এক ঝলক বিয়ের কার্ড দেখে তা মনে হতেই পারে! সম্প্রতি চারপাতার একটি বিয়ের কার্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই এমন জল্পনা শুরু হয়ে গিয়েছে। কারণ সেই কার্ডের প্রথম পাতাতেই জ্বলজ্বল করছে হাসি মুখের রাহুলের ছবি। একাধিক মামলায় জর্জরিত রাহুল গান্ধী এর মধ্যে আবার বিয়ের পিঁড়িতে বসবেন?
এমন ভাবনার মাঝেই ভালো করে ওই আমন্ত্রণ পত্রে চোখ বললে বিষয়টা বোঝা যাবে। এই রকম পরিস্থিতিতে ওই কার্ড হাতে পেয়ে মনে হতেই পারে, চারহাত এক হতে চলেছে প্রাক্তন কংগ্রেস সভাপতির। প্রথম পাতায় শুধু রাহুল গান্ধীই নন, কার্ডে রয়েছে একাধিক চমক। দ্বিতীয় পাতায় জায়গা করে নিয়েছেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তৃতীয় পাতায় ফুটে উঠেছে রাহুলের মা তথা প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর ছবি। অল্প সময়ে পরেই বিস্ময়ের ঘোর কাটবে।
ওই আমন্ত্রণ পত্রের চতুর্থ পাতায় দেখা যাচ্ছে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী কে কমরাজের ছবি। আর তখনই মোহভঙ্গ হবে। বুঝবেন, ৫২ বছরের রাহুল আপাতত এলিজিবল ব্যাচেলারই! কারণ এটি তামিলনাড়ুর কংগ্রেস কমিটির সভাপতি কেএস আলাগিরির মেয়ে কাঞ্চনার বিয়ের কার্ড। বিনোদ রঙ্গনাথের সঙ্গে চারহাত এক হবে কাঞ্চনা। এবার ভাবছেন, বিয়ের কার্ডে বাবারই ঠাঁই হয়নি? তিনিও আছেন। প্রথম পাতায় রাহুল গান্ধীর ছবির নিচে ছোট করে। কংগ্রেসের প্রতি পরিবারের ভালবাসার কারণেই এমন অভিনব বিয়ের কার্ড। বিস্মিত নাগরিক মহল - কংগ্রেস পরিবারের প্রতি ওদের ভালোবাসা দেখে।
