Country

9 hours ago

Sikkim tunnel disaster: সিকিমের নির্মীয়মাণ সুড়ঙ্গে দুর্ঘটনায় মুখ্যমন্ত্রীকে ফোন প্রধানমন্ত্রীর, দিলেন সহায়তার আশ্বাস

landslide blocks tunnel’s entrance in Sikkim
landslide blocks tunnel’s entrance in Sikkim

 

গ্যাংটক, ২১ জুলাই : সিকিমের নামচি জেলার ঝোলুঙ্গের সমরদং-এ নির্মীয়মাণ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে পড়েছিলেন বেশ কয়েকজন শ্রমিক। তাঁদের উদ্ধারে মঙ্গলবারও অভিযান অব্যাহত রয়েছে। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই দুর্ঘটনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং-এর সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি পুরো পরিস্থিতি ও উদ্ধার অভিযান সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিয়েছেন।

মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং সমাজ মাধ্যমে জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর উদ্বেগ, সংবেদনশীলতা এবং সহযোগিতার আশ্বাস এই কঠিন সময়ে সিকিমের জনগণকে বিপুল শক্তি ও আত্মবিশ্বাস প্রদান করেছে।

সিকিমের জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মুখ্যমন্ত্রী তামাং বলেন, এই কঠিন সময়ে এই রাজ্যের প্রতি তাঁর (প্রধানমন্ত্রী) সমর্থন, সংবেদনশীলতা এবং সংহতি অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা এবং কেন্দ্রীয় সরকারের সমর্থন ও প্রতিশ্রুতির জন্য সিকিম সর্বদা কৃতজ্ঞ থাকবে।

মুখ্যমন্ত্রী জানান, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ), সিকিম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এসএসডিএমএ), জেলা প্রশাসন, পুলিশ, চিকিৎসাকর্মী এবং স্থানীয়রা সমন্বয় করে সফলভাবে উদ্ধার অভিযান চালাচ্ছেন।

উল্লেখ্য, এই সুড়ঙ্গে দুর্ঘটনায় ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড (এনএইচপিসি)-র তিস্তা স্টেজ-৬ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের ভেতরে ২৫ জনেরও বেশি শ্রমিকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। সোমবার দুপুরে সুড়ঙ্গে কর্মরত শ্রমিকরা বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান। সেই সময় সুড়ঙ্গে গ্যাস লিক করার আশঙ্কা প্রকাশ করা হয়। এরপরই প্রাণ বাঁচাতে শ্রমিকরা সুড়ঙ্গ থেকে বের হতে শুরু করেন। কিছু শ্রমিক নিরাপদে বেরোতে পারলেও অনেকেই সুড়ঙ্গের ভেতরে আটকে পড়েন। খবর পাওয়ার পরেই উদ্ধারকাজ শুরু হয়। তবে গ্যাস লিক, সুড়ঙ্গের ভেতরে প্রতিকূল পরিস্থিতি এবং প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে উদ্ধারকাজ প্রাথমিকভাবে কিছুটা ব্যাহত হয়। এরপর জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী এলে উদ্ধারকাজে গতি আসে। মঙ্গলবার ভোর সাড়ে চারটে পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, সাতজনের মৃত্যু হয়েছে। জেলা প্রশাসন এই বিষয়টি নিশ্চিত করেছে। মৃতদেহগুলি সিংতাম জেলা হাসপাতাল, গ্যাংটকের এসটিএনএম হাসপাতাল এবং নামচি জেলা হাসপাতালে সংরক্ষণ করা হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। মঙ্গলবার সকালেও উদ্ধারকাজ অব্যাহত আছে।

You might also like!