
অযোধ্যা, ২২ জানুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় পৌঁছে গিয়েছেন। উদ্বোধন অনুষ্ঠানের মূল আকর্ষণ প্রধানমন্ত্রী মোদীই। তাঁর হাতেই রামলালার বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’ হতে চলেছে। অযোধ্যায় সোমবার সকাল সকাল পৌঁছে গিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এসে পৌঁছন আরএসএস-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত, যোগগুরু বাবা রামদেব। এসে পৌঁছেছেন আমন্ত্রিত অতিথিরা। রামমন্দির চত্বরে এখন আনন্দ ও উচ্ছ্বাস।
অভিনেতা অমিতাভ বচ্চন ও তাঁর ছেলে অভিষেক বচ্চন অযোধ্যায় পৌঁছেছেন, অভিনেত্রী মাধুরী দীক্ষিত নেনে, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, আয়ুষ্মান খুরানা, রণবীর কাপুর, আলিয়া ভাট এবং চলচ্চিত্র নির্মাতা রাজকুমার হিরানি, রোহিত শেঠি প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দিতে অযোধ্যার শ্রী রাম জন্মভূমি মন্দিরে পৌঁছেছেন। অযোধ্যা পৌঁছনোর পর অভিনেতা জ্যাকি শ্রফ বলেছেন, "অনেক ভালবাসা পেয়েছি,... আপনি যখন প্রভুর মন্দিরে আসেন তখন কেমন লাগে? তিনি আমাদের এখানে ডেকেছেন, এটা আমাদের জন্য বড় প্রাপ্তি।"
আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা এবং অনন্যা বিড়লা অযোধ্যার শ্রী রাম জন্মভূমি মন্দিরে পৌঁছেছেন। তেলেগু সুপারস্টার চিরঞ্জীবী এবং রাম চরণও এসেছেন। চিরঞ্জীবী বলেছেন, "এটি ঈশ্বর প্রদত্ত সুযোগ, আমরা এখানে এসে সত্যিই খুশি।" অযোধ্যায় এসেছেন জেডি (এস) প্রধান ও প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া। অভিজ্ঞ ক্রিকেটার অনিল কুম্বলে বলেছেন, "এটি একটি চমৎকার উপলক্ষ, খুবই ঐশ্বরিক উপলক্ষ। এর অংশ হতে পেরে ধন্য। এটি খুবই ঐতিহাসিক। রামলালার কাছ থেকে আশীর্বাদ পাওয়ার অপেক্ষায়।" অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডুও এসেছেন। চলচ্চিত্র নির্মাতা মধুর ভান্ডারকর এবং অভিনেত্রী কঙ্গনা রানাউত রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দিতে অযোধ্যায় এসেছেন। এছাড়াও সুপারস্টার রজনীকান্ত অযোধ্যার শ্রী রাম জন্মভূমি মন্দিরে পৌঁছেছেন।
