
নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি: কংগ্রেস নেতা পবন খেরাকে গ্রেফতার করল অসম পুলিশ। অসমের ডিমা হাসাও জেলার হাফলং থানায় কংগ্রেস নেতা পবন খেরার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় বৃহস্পতিবার দিল্লি থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। এদিনই তাঁকে আদালতে তোলা হবে এবং ট্রানজিট রিমান্ডে অসম নিয়ে যাওয়া হবে, অসম পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে। গ্রেফতার হওয়ার পর কংগ্রেস নেতা বলেছেন, আমি লড়াই করতে প্রস্তুত।
বৃহস্পতিবার দুপুরে দিল্লি থেকে রায়পুরগামী ইন্ডিগোর বিমানে উঠতে দেওয়া হয়নি কংগ্রেস নেতা পবন খেরাকে। দিল্লি থেকে বিমানে ছত্তিশগড় যাওয়ার কথা ছিল এই কংগ্রেস নেতার, কিন্তু তাঁকে বিমানে উঠতে দেওয়া হয়নি। দিল্লি পুলিশ জানিয়েছে, কংগ্রেস নেতা পবন খেরাকে থামানোর জন্য অসম পুলিশের কাছ থেকে পাওয়া অনুরোধের পরই দিল্লি বিমানবন্দরে একটি বিমানে উঠতে বাধা দেওয়া হয়েছে তাঁকে। এরপর বিমানবন্দরেই বিজেপির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন কংগ্রেস নেতা-কর্মীরা। উপস্থিত ছিলেন কে সি বেণুগোপাল, রণদীপ সিং সুরজেওয়ালাও। কংগ্রেস টুইট করে জানিয়েছে, প্রথমে ইডি-কে পাঠানো হয় ছত্তিশগড়ে। এখন কংগ্রেস অধিবেশনে যোগ দিতে যাওয়া পবন খেরাকে বিমানে উঠতে বাধা দেওয়া হয়েছে। এই স্বৈরাচার কিছুতেই বরদাস্ত করা হবে না। আমরা লড়াই করে জিতব।
অসম পুলিশ জানিয়েছে, অসমের ডিমা হাসাও জেলার হাফলং থানায় কংগ্রেস নেতা পবন খেরার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় বৃহস্পতিবার দিল্লি থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। অসম পুলিশের (আইজিপি আইন ও শৃঙ্খলা এবং মুখপাত্র) প্রশান্ত কুমার ভূইঁয়া জানান, পবন খেরাকে গ্রেফতার করার জন্য আমরা দিল্লি পুলিশের কাছে অনুরোধ করেছিলাম। গ্রেফতার হওয়ার আগে পবন খেরা বলেন, "আমাকে বলা হয়েছিল, তাঁরা আমার লাগেজ দেখতে চায়। আমি বললাম আমার হাতে একটা ব্যাগ ছাড়া কিছুই নেই। আমি যখন বিমান থেকে নামলাম, আমাকে বলা হল আমি যেতে পারব না এবং ডিসিপি আসবেন। আমি জানি না কেন আমাকে থামানো হচ্ছে?" গ্রেফতার হওয়ার পর তিনি বলেন, "আমরা দেখব (কোন ক্ষেত্রে তাঁকে আমাকে নিয়ে যাচ্ছে) এটি একটি দীর্ঘ লড়াই এবং আমি লড়াই করতে প্রস্তুত।"
ইন্ডিগো বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, রায়পুরগামী একটি বিমান থেকে দিল্লি বিমানবন্দরে পুলিশ এক যাত্রীকে নামিয়ে দেয়। অন্য কিছু যাত্রীও নিজেদের ইচ্ছায় ডিবোর্ড করার সিদ্ধান্ত নেন। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরামর্শ মেনে চলছি। ফ্লাইট বিলম্বিত হয়েছে।" নিয়ম অনুযায়ী, পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় সিআইএসএফ কর্মীদের। অসম পুলিশের অনুরোধে পবন খেরাকে আইনত গ্রেফতার করতে ঘটনাস্থলে উপস্থিত হন ডিসিপি-সহ বিমানবন্দর পুলিশ। অসম পুলিশের আধিকারিকরাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
