
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভাড়নগরে গভীর প্রত্নতাত্ত্বিক খনন চালিয়েছে আইআইটি খড়গপুর, আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া, ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় এবং ডেকান কলেজের বিজ্ঞানীরা। তাদের যৌথ সমীক্ষায় ৮০০ খ্রীষ্টপূর্বাব্দের এক মানব বসতির প্রমাণ পাওয়া গিয়েছে। যা বৈদিক যুগ পরবর্তী এবং বৌদ্ধ মহাজনপদ যুগের মধ্যবর্তী সময়ে গড়ে উঠেছিল। গবেষকরা জানিয়েছেন, এই জনবসতি ছিল বহুসাংস্কৃতিক এবং বহুধর্মীয়। বৌদ্ধ, হিন্দু, জৈন এবং ইসলাম ধর্মের মানুষদের বসতির প্রমাণ পাওয়া গিয়েছে।
গবেষকরা আরও জানিয়েছেন, ঐতিহাসিক সময় থেকে ভাড়নগরে একের পর এক সভ্যতার মানুষ বসতি স্থাপন করেছে। এখানে অন্ততপক্ষে সাতটি সাংস্কৃতিক পর্যায়ের উপস্থিতির প্রমাণ মিলেছে। সেই সময় থেকে আজ পর্যন্ত শহরটি টিকে আছে। এএসআই-এর প্রত্নতাত্ত্বিক, ডক্টর অভিজিৎ আম্বেকর বলেছেন, “”খননের সময় একটি বৌদ্ধ বিহার আবিষ্কার হয়েছে, যা প্রাচীনতম বিহারগুলির অন্যতম। আমরা মৃৎপাত্র, তামা, সোনা, রূপা এবং লোহার জিনিস এবং নকশা করা চুড়ির মতো বিভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন পেয়েছি। ভাড়নগরে আমরা ইন্দো-গ্রিক আমলের গ্রিক রাজা অ্যাপোলোডাটাসের মুদ্রার ছাঁচও পেয়েছি।”
এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি বিরল আবিষ্কার। তাঁরা যে প্রমাণ পেয়েছেন, তাতে ভারতের মধ্যে এখনও পর্যন্ত ভাড়নগরই এমন এক শহর, যা এত দীর্ঘকাল ধরে টিকে রয়েছে। এখানে গত ৫,৫০০ বছর ধরে ভারতের সাংস্কৃতিক ধারাবাহিকতার প্রমাণ পাওয়া গিয়েছে বলে মনে করছেন গবেষকরা। কাজেই, এতদিন যে অন্ধকার যুগের কথা বলতেন প্রত্নতাত্ত্বিক ও গবেষকরা, তা ভুল বলে প্রমাণ হতে পারে বলে দাবি করেছেন আইআইটি খড়গপুরের অধ্যাপক তথা এই গবেষণা দলের প্রধান অনিন্দ্য সরকার।
