
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কেরলম ও মহারাষ্ট্রে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। কেরলমের ১৪টি জেলার মধ্যে ১১টিতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে। ওয়ানাড জেলায় বৃষ্টিপাতের তীব্রতা কমেছে; তবে এই জেলা এখনও হলুদ সতর্কতার আওতাতেই রয়েছে। মুম্বই, পুণে-সহ মহারাষ্ট্রের একাধিক জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আইএমডি। এছাড়াও দিল্লি, ত্রিপুরাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিগত কয়েকদিনের বৃষ্টিতে এমনিতেই বেহাল অবস্থা গুজরাটেও, সেখানেও ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ভোররাতেই মুষলধারে বৃষ্টি হয়েছে দিল্লিতে, প্রবল বৃষ্টিতে কয়েকটি স্থানে রাস্তায় জলও জমে যায়।
আইএমডি আরও জানিয়েছে, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, উত্তর প্রদেশ, জম্মু-কাশ্মীর ও লাদাখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী দুই দিন উত্তর অভ্যন্তরীণ কর্ণাটক, সৌরাষ্ট্র, কচ্ছ, বিদর্ভ, রাজস্থান এবং উত্তর-পূর্বাঞ্চলের কিছু অংশেও অনুরূপ আবহাওয়া বিরাজ করতে পারে।
