Country

1 hour ago

Supreme Couurt : তৃণমূল ছেড়ে এনসিপিআইয়ে, সাংসদ পদ কি টিকবে? অভিষেকের মামলায় ২০ দলবদলকারীকে সুপ্রিম নোটিস

Supreme Court issues notice to 20 TMC rebel MPs on Abhishek Banerjee's plea
Supreme Court issues notice to 20 TMC rebel MPs on Abhishek Banerjee's plea

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দলের ফল খারাপ হওয়ার পর তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআইয়ে যোগ দিয়েছিলেন একাধিক সাংসদ। পরে এনডিএ সরকারকে সমর্থনের কথাও জানান তাঁরা। সেই অনুযায়ী সংসদে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়-সহ কয়েকজন সাংসদের আসনেও পরিবর্তন করা হয়। তবে এখনও এনসিপিআই সাংসদ হিসেবে তাঁদের আনুষ্ঠানিক স্বীকৃতি মেলেনি। এই পরিস্থিতিতে বাদল অধিবেশন চলাকালীন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কালীঘাট তৃণমূলের লোকসভা দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলবদলকারী সাংসদদের পদ খারিজের আবেদন জানান তিনি। একই দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লাকেও চিঠি দিয়েছিলেন অভিষেক। মঙ্গলবার সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার-সহ ২০ জন দলবদলকারী সাংসদকে নোটিস জারি করেছে। মামলার পরবর্তী শুনানি হবে দু’সপ্তাহ পর। 

মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চে অভিষেকের ওই মামলাটি শুনানির জন্য ওঠে। অভিষেকের হয়ে সওয়াল করেন কালীঘাট তৃণমূলের সাংসদ তথা বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর উলটোদিকে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি জানান, এনসিপিআই সাংসদদের দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী, সাংসদ পদ খারিজের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের প্রেক্ষিতে প্রক্রিয়া শুরু করেছেন লোকসভার স্পিকার। অভিষেকের আবেদনের প্রেক্ষিতে সাংদদের বক্তব্য জানতে চেয়ে কুড়িজনকে স্পিকারের তরফে আলাদা নোটিশ ইস্যু করা হয়েছে। এই বিষয়ে প্রধান বিচারপতিকে জানানোর জন্য স্পিকারের অফিস থেকে সলিসিটর জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানানো হয়। 

দু’পক্ষের সওয়াল-জবাবের পর বিচারপতি বাগচীর মন্তব্য, ”সময়ের মধ্যে মামলাটির নিষ্পত্তি হওয়া জরুরি।” এরপরই তাঁরা সবপক্ষকে এ বিষয়ে নোটিস দেওয়ার নির্দেশ দেন। পরবর্তী শুনানি ২ সপ্তাহ পর। এর আগে এনসিপিআইয়ের সাংসদ পদ খারিজ নিয়ে স্পিকারের কাছে  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  দাবি ছিল, বাদল অধিবেশনের মধ্যে তাঁদের নিয়ে সিদ্ধান্ত নেওয়া হোক। কিন্তু অধিবেশন শেষ হওয়ার পরও এনিয়ে নিষ্পত্তি না হওয়ায় সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন কালীঘাট তৃণমূলের লোকসভার দলনেতা।  

You might also like!