
সিরসা, ২৫ আগস্ট : দুই শিষ্যাকে ধর্ষণের দায়ে ২০ বছরের কারাদণ্ডের সাজা পেয়েছেন ডেরা সাচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিং। কারাদণ্ডের সাজা ভোগের মাঝেই ১৭-তম বার প্যারোলে মুক্তি পেলেন তিনি। রোহতকের সুনারিয়া জেলে বন্দি রাম রহিম প্যারোলে ছাড়া পেয়ে মঙ্গলবারই সিরসায় পৌঁছন।
ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত গুরমিত রাম রহিম সিং ২১ দিনের প্যারোল পেয়ে মঙ্গলবার সকালেই সুনারিয়া জেল থেকে সিরসায় অবস্থিত ডেরার সদর দফতরে এসে পৌঁছন। এযাবৎ ১৭-তম বার জেল থেকে মুক্তি পেলেন। এবার তার ২১ দিনের প্যারোল মঞ্জুর হয়েছে। কড়া নিরাপত্তাবেষ্টিত হয়ে মঙ্গলবার ভোরে গুরমিত রাম রহিম সিং হরিয়ানার রোহতকের সুনারিয়া জেল থেকে বেরিয়ে আসেন। ২০২০ সালের অক্টোবর থেকে এই নিয়ে এটিই তাঁর ১৭-তম মুক্তি।
এদিন সকাল ৬টা ৫ মিনিট নাগাদ কড়া নিরাপত্তার মধ্যে রাম রহিম জেল থেকে বেরিয়ে সিরসায় অবস্থিত ডেরার সদর দফতরের উদ্দেশে যান। এর আগে গত ২৬ মে তাঁকে ৩০ দিনের প্যারোল দেওয়া হয়েছিল। সেই মেয়াদ শেষে ২৬ জুন তিনি সুনারিয়া জেলে ফিরে গিয়েছিলেন।
