kolkata

1 hour ago

Abhishek Banerjee : তিন এফআইআরে বড় স্বস্তি অভিষেকের! ‘এখনই হেফাজতে নয়’, নির্দেশ হাই কোর্টের

TMC MP Abhishek Banerjee
TMC MP Abhishek Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  কলকাতা হাই কোর্টে বড় স্বস্তি পেলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া তিনটি মামলায় আপাতত রক্ষাকবচ দিয়েছে আদালত। রাজ্যে পালাবদলের পর ভবানীপুর থানা, দক্ষিণ ২৪ পরগণার কালীতলা এবং বিষ্ণুপুর থানায় অভিষেকের বিরুদ্ধে পৃথক এফআইআর দায়ের হয়েছিল। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ওই তিন মামলায় অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না এবং তাঁকে হেফাজতে নেওয়ারও প্রয়োজন নেই। তবে তদন্তে তাঁকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। আগামী ২৩ নভেম্বর মামলাগুলির পরবর্তী শুনানি হবে। তার আগে তদন্তের অগ্রগতি সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট পুলিশকে আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

আজ,মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানিতে বিচারপতি পর্যবেক্ষণে জানান, প্রত্যেকটি এফআইআরের ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আদালতে হবে না। এক্ষেত্রে মামলার সংখ্যা বাড়বে। সেই কারণে তিনটি এফআইআরে রক্ষাকবচ বাড়ানো হয়েছে। এক্ষেত্রে আদালতের আরও নির্দেশ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করার আগে ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে। তবে তদন্তে অসহযোগিতা করলে রাজ্য তা আদালতের নজরে আনতে পারবে। অন্যদিকে এদিন শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা নিয়ে আপত্তি তোলে রাজ্য সরকার। 

যদিও সুপ্রিম কোর্ট তাঁকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে। তবে এখনও পর্যন্ত রওনা হতে পারেননি। বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি। এমতাবস্থায় রাজ্য সরকার নতুন করে আপত্তি জানালেও বিচারপতি সৌগত ভট্টাচার্য সেই আবেদনে হস্তক্ষেপ করতে রাজি হননি। হাইকোর্ট জানিয়ে দেয়, সুপ্রিম কোর্ট যেসব শর্তাবলী দিয়েছিল, সেগুলোই কার্যকর থাকবে। বলে রাখা প্রয়োজন, ছাব্বিশের নির্বাচনের পর অভিষেকের বিরুদ্ধে রাজ্যজুড়ে ১৬টি মামলা দায়ের হয়। জমি দুর্নীতি থেকে সেবাশ্রয়ে বেনিয়ম-সহ একাধিক অভিযোগ রয়েছে। সমস্ত মামলায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

You might also like!