
নয়াদিল্লি, ২৫ এপ্রিল : উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে আগামী ৩-৪ দিন তাপপ্রবাহের পূর্বাভাস জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ৩-৪ দিন উত্তর-পশ্চিম ও মধ্য ভারতের সমতলভূমিতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আইএমডি-র পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। বিগত কয়েকদিন ধরেই গরমে নাজেহাল অবস্থা দিল্লি, হরিয়ানা, চন্ডীগড়, পশ্চিম রাজস্থান ও পশ্চিম উত্তর প্রদেশে। এমতাবস্থায় আইএমডি জানিয়েছে, আগামী কয়েকদিন এমনই গরম বজায় থাকবে। কেরলম, তামিলনাড়ু এবং ওড়িশাতেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এদিকে, দেশের বিভিন্ন রাজ্য যখন গরমে নাজেহাল, এমতাবস্থায় আইএমডি জানিয়েছে, জম্মু ও কাশ্মীরে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ২৬-২৭ এপ্রিল জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জেলায় বৃষ্টি ও দমকা হাওয়া বইতে পারে।
