Country

1 year ago

PM Modi election: সপা ও কংগ্রেস ক্ষমতায় ফিরলে রামলালাকে ফের তাঁবুতে পাঠাবেন : নরেন্দ্র মোদী

Pm Modi & Yogi Adityanath (File Picture)
Pm Modi & Yogi Adityanath (File Picture)

 

বারাবাঙ্কি, ১৭ মে: সমাজবাদী পার্টি ও কংগ্রেসের সমালোচনায় আবারও সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার উত্তর প্রদেশের বারাবাঙ্কিতে এক নির্বাচনী জনসভায় বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "সপা ও কংগ্রেস ক্ষমতায় ফিরলে রামলালাকে ফের তাঁবুতে পাঠাবেন।" প্রধানমন্ত্রীর কথায়, "রামমন্দিরে তাঁরা বুলডোজার চালাবে। যোগীজির থেকে তাঁদের টিউশন নেওয়া উচিত, কোথায় বুলডোজার চালানো উচিত তা শেখার জন্য।"

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, "৪ জুন আর বেশি দূরে নয়। এখন গোটা দেশ ও গোটা বিশ্ব জানে মোদী সরকারের হ্যাটট্রিক হতে চলেছে। নতুন সরকারে আমাকে গরিব, যুব সমাজ, নারী, কৃষকদের জন্য অনেক বড় সিদ্ধান্ত নিতে হবে।" প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, "এখন একদিকে জাতীয় স্বার্থে নিবেদিত বিজেপি-এনডিএ জোট রয়েছে এবং অন্যদিকে ইন্ডি জোট দেশে অস্থিতিশীলতা তৈরির জন্য ময়দানে নেমেছে। নির্বাচন যত এগিয়েছে, এই ইন্ডি লোকজন তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করেছে।"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন, "সপা ও কংগ্রেস তোষণের সামনে নিজেদের মাথা নত করেছে। মোদী তাঁদের সত্য জনগণের সামনে তুলে ধরছে।" জনগণের কাছে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "আপনাদের অধিকার রক্ষা করার জন্য আমি ৪০০ আসন চাইছি।"


You might also like!