
লাতেহার, ২৪ সেপ্টেম্বর : ঝাড়খণ্ডের লাতেহার জেলায় মুরি–জন্মু তাওয়াই এক্সপ্রেসে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার রাত ১১টা নাগাদ লাতেহার-বারওয়াডিহ স্টেশনের মধ্যে মুড়ি-জম্মু তাওয়াইগামী মুড়ি এক্সপ্রেসে ডাকাতি করে লুটপাট চালায় ডাতাকরা। তারা প্রায় ৫০ জন ট্রেনযাত্রীর কাছ থেকে প্রচুর টাকা লুট করে। অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে এই লুটপাট চালায় ডাকাতরা। ভয়ের পরিবেশ তৈরি করতে ডাকাতরা প্রায় ১০ বার গুলি ছোড়ে।
ডাকাতরা যাত্রীদের কাছ থেকে শুধু টাকা ও মালপত্রই লুট করেনি, তাদের মারধরও করা হয় বলে অভিযোগ। যাত্রীরা অভিযাগ করে যে লাতেহার স্টেশন থেকে প্রায় ১০ জন দুষ্কৃতী এস ৯ বগিতে উঠে। ট্রেনটি লাতেহার ছাড়ার সঙ্গে সঙ্গে লুটপাট শুরু করে ডাকাতরা। শুধু লুটপাটই নয়, মহিলাদের সঙ্গে দুর্ব্যবহারও করা হয়। ডাকাতির পর বারওয়াডিহ স্টেশনের আগে চেন টেনে নেমে পড়ে তারা।
