
নয়াদিল্লি, ৮ জুন : রাজধানী দিল্লি-সহ দেশের বিভিন্ন রাজ্যে ফের তাপপ্রবাহের সতর্কতা জারি করল ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। পঞ্জাব, হরিয়ানা-চণ্ডীগড়-দিল্লি, উত্তর প্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও ওডিশার বিভিন্ন স্থানে ৯ জুন (রবিবার) তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। বিহার, ঝাড়খণ্ড ও ওডিশায় গরম বজায় থাকবে ১০ ও ১১ তারিখও।
আইএমডি জানিয়েছে, উত্তর প্রদেশের বিভিন্ন স্থানে অত্যধিক গরমের সম্ভাবনা রয়েছে, এছাড়াও জম্মুর সমতল, হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা-চণ্ডীগড়-দিল্লি, পূর্ব মধ্যপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী ২৪ ঘন্টা অত্যধিক গরম থাকবে। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, আগামী ৩-৪ দিন পূর্ব ভারত, উত্তর প্রদেশ এবং মধ্যপ্রদেশের কিছু অংশে তাপপ্রবাহের পরিস্থিতি বিরাজ করবে। ঝাড়খণ্ড, বিহার, ওডিশা, পঞ্জাব এবং হরিয়ানায় তাপপ্রবাহ পরিস্থিতির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী দু'দিনের মধ্যে পূর্ব ভারতে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।
