
নয়াদিল্লি, ২০ জানুয়ারি : রাজধানী দিল্লিসহ উত্তর ভারতে শৈত্যপ্রবাহ কিছুটা হ্রাস পেলেও কুয়াশা অব্যাহত রয়েছে রেলপথে। ভারতীয় রেলওয়ের এক আধিকারিক শুক্রবার জানিয়েছেন, কুয়াশার কারণে উত্তর রেলওয়ে জোনে ১৬টি ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বে চলছে।
আধিকারিক জানিয়েছেন, এই ট্রেনগুলির বেশিরভাগই চলে বিহার থেকে। বিহারের দ্বারভাঙ্গা, গয়া, মুজাফফরপুর এবং গয়া থেকে চলা ট্রেনগুলি নির্ধারিত সময়ে এক ঘণ্টা থেকে চার ঘণ্টা পিছিয়ে চলছে।
উল্লেখ্য, কুয়াশার কারণে প্রায় এক মাস ধরে ট্রেন চলাচলে বিরূপ প্রভাব পড়ছে। জানুয়ারির প্রথম পাক্ষিকে রাজধানী এবং শতাব্দীর মতো এক্সপ্রেস ট্রেনের উপর প্রভাব পড়েছিল। কিছু ট্রেন এমনকি ২০ থেকে ২৪ ঘন্টা দেরিতে গন্তব্যে পৌঁছেছিল।
