Sevak-Rongpo Rail Project : সেবক-রংপো রেল প্রকল্পের আরও এক মাইলস্টোন অর্জন, টানেল ১১-তে ব্রেকথ্রো লাভ

Sevak-Rongpo Rail Project
Sevak-Rongpo Rail Project

 

গুয়াহাটি, ১২ ডিসেম্বর : মাইলস্টোন অর্জনের ক্ষেত্রে সেবক-রংপো রেল প্রকল্পটি মুখ্য টানেলের সাথে একটি ইভাকুয়েশন টানেলে ব্রেকথ্রো প্রদর্শন করেছে। প্রজেক্ট ডিরেক্টর, চিফ জেনারেল ম্যানেজার ও ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড, নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, আমবার্গ ইঞ্জিনিয়ারিং (ডিটেইল ডিজাইন কনসালটেন্সি) টিম এবং নির্মাণ সংস্থা এবিসিআই ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের অন্যান্য আধিকারিক ও স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে গত শনিবার পশ্চিমবঙ্গের কালিমপং জেলায় অবস্থিত ১১ নম্বর টানেলে প্রথম ব্রেকথ্রো করা হয়।

মুখ্য টানেলের দৈর্ঘ্য ৩,২৩২ মিটার এবং ইভাকুয়েশন টানেলের দৈর্ঘ্য ৯৬০ মিটার যা কালিমপং-এর তারখোলা ও টুমলাংখোলার মধ্যে অবস্থিত। টানেলটি নিম্ন হিমালয়ার দুর্বল ও প্রত্যাহ্বানমূলক ভূ-তাত্ত্বিক অবস্থার মধ্য দিয়ে প্রসারিত হয়েছে। এই সেবক-রংপো রেল প্রজেক্টের অন্যান্য সমস্ত টানেলের মতো গ্রাউন্ডমাসের দুর্বলতা প্রতিরোধ করতে সর্বশেষ ও সবচেয়ে আধুনিক টানেলিং টেকনোলজি তথা নিউ অস্ট্রিয়ান টানেলিং মেথড অথবা এনএটিএম গ্রহণ করা হয়েছে। ভারতের শীর্ষস্থানীয় ও অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের পাশাপাশি বিদেশি অভিজ্ঞ ইঞ্জিনিয়াররাও এই প্রজেক্টে জড়িত হয়েছেন। ইভাকুয়েশন টানেলটি এনএইচ-১০ ও ১১ নম্বর মুখ্য টানেলকে সংযুক্ত করেছে।

এই নতুন রেল সংযোগী প্রকল্পটি প্রায় ৪৫ কিমি লম্বা এবং ১৪টি টানেল, ১৩টি মেজর ব্রিজ, ১০টি মাইনোর ব্রিজ ও ৪-টি নতুন স্টেশন অন্তর্ভুক্ত করা হয়েছে। সমগ্র প্রকল্পটির প্রায় ৩৮ কিমি দীর্ঘ টানেলের মাধ্যমে অতিক্রম হয়েছে। উল্লেখ্য, টানেল নির্মাণের ৬৩ শতাংশ কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে এবং ৪-টি টানেল হয়ে গেছে। ২০২৩ সালের শেষের দিকে প্রকল্পটি সম্পূর্ণ করার জন্য বর্তমানে টানেল, ব্রিজ ও স্টেশন ইয়ার্ড সম্পর্কিত সমস্ত কার্যকলাপ যুদ্ধকালীন পরিস্থিতিতে চালানো হচ্ছে।

এই প্রকল্পটি সম্পূর্ণ হলে এই সমগ্র অঞ্চলের পর্যটন ও আর্থ-সামাজিক উন্নয়ন দ্রুততার সাথে গতি লাভ করবে। প্রকল্পটি একবার চালু হয়ে গেলে সিকিমের রেল সংযোগ ব্যবস্থার গুরুত্ব প্রমাণিত হবে। এই অঞ্চলের মানুষ দেশের দীর্ঘদূরত্বের স্থানগুলিতে সহজেই যেতে পারবেন এবং মানুষের চাহিদা পূরণের জন্য সিকিমে অত্যাবশ্যক সামগ্রীর সরবরাহ বাধাহীনভাবে সম্পন্ন করা সম্ভব হবে। এক প্রেসবার্তায় এই খবর দিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…