
নয়াদিল্লি, ৯ মার্চ : দিল্লির ইন্ডিয়া গেট থেকে বাইক র্যালির সূচনা করলেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি। বৃহস্পতিবার সকালে দিল্লির ইন্ডিয়া গেট থেকে সবুজ পতাকা নেড়ে বাইক র্যালির সূচনা করেছেন মীনাক্ষী লেখি। ইন্ডিয়া গেট থেকে শুরু হওয়া এই বাইক র্যালি ১,৮৪৮ কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছবে ছত্তিশগড়ের জগদলপুরে। ৭৫ জন সিআরপিএফ মহিলা ডেয়ারডেভিলস বাইক র্যালিতে অংশ নিয়েছেন, জগদলপুরে এই বাইক র্যালি শেষ হবে আগামী ২৫ মার্চ, ওই দিনই সিআরপিএফ ডে প্যারেড অনুষ্ঠিত হবে।
কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি বলেছেন, ছত্তিশগড়ে মাওবাদকে প্রায় শেষ করে দিয়েছে সিআরপিএফ। তাঁদের (সিআরপিএফ-এর মহিলা বাইকার) অনেক শক্তি রয়েছে। শান্তি ও শুভেচ্ছার বার্তা নিয়ে র্যালিটি ছত্তিশগড়ের জগদলপুর পৌঁছবে। সিআরপিএফ-এর ডিজি সুজয় লাল থাওসেন বলেছেন, ১,৮৪৮ কিলোমিটার মহিলা বাইক র্যালিতে ৭৫ জন মহিলা অংশ নিয়েছেন এবং ৫টি রাজ্য অতিক্রম করে তাঁরা ছত্তিশগড়ের জগদলপুর পৌঁছবেন।
