
বারাণসী, ৪ অক্টোবর : উত্তরপ্রদেশের বারাণসীতে গাড়ি ও ট্রাকের মধ্যে সংঘর্ষে আটজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাণসীর ফুলপুর থানা এলাকার কার্খিয়ানের কাছে। একটি দ্রুতগামী ট্রাক এবং একটি আর্টিকা গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে গাড়িতে থাকা আটজনের অকালে প্রাণ চলে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। সৌভাগ্যক্রমে গাড়িতে থাকা তিন বছরের একটি শিশু প্রাণে বেঁচে যায়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন। আহতরা যাতে উপযুক্ত চিকিৎসা পায়, তারজন্য মুথ্যমন্ত্রী জেলা প্রশাসনের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন।
একটি পরিবারের ৯ জন ব্যক্তি কাশী বিশ্বনাথ দর্শন করতে গাড়িতে করে বারাণসী এসেছিলেন। তাঁরা সকলেই উত্তরপ্রদেশের পিলিবথিতের বাসিন্দা ছিলেন। বুধবার সকালে সকলেই মন্দিরে দর্শন করে পুজো দিয়ে উত্তরপ্রদেশের পিলিবথিতে ফিরছিলেন। গাড়িটি বারাণসী-জৌনপুর হাইওয়ের কার্খিয়ানের কাছে পৌঁছতেই সামনে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে গাড়িটির ধাক্কা লাগলে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে শিবপুরে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
