Cooking

1 hour ago

Budget Cooking Tips: গ্যাসের খরচ কমাতে চান? ঝটপট বানান এই ‘ওয়ান-পট’ রেসিপিগুলি

One Pot Recipes To Save Lpg Gas
One Pot Recipes To Save Lpg Gas

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ক্রমাগত বাড়তে থাকা এলপিজি গ্যাসের দামে মাসের বাজার সামলাতে গিয়ে নাজেহাল অবস্থা বহু মধ্যবিত্ত পরিবারের। মাসকাবারি খরচের হিসাব করতে বসলে এখন রান্নাঘরের বাজেটই যেন সবচেয়ে বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। অনেক জায়গায় আবার সময়মতো গ্যাস না পাওয়ার সমস্যাও রয়েছে। ফলে অনেকেই ভাবছেন, গ্যাস বাঁচাতে কি রান্নাবান্না কমিয়ে দিতে হবে? বিশেষজ্ঞদের মতে, তা মোটেই প্রয়োজন নেই। বরং একটু বুদ্ধি করে রান্নার পদ্ধতি বদলালেই সহজেই কমানো যায় গ্যাসের ব্যবহার।

গবেষণায় দেখা গিয়েছে, রান্নার সময় বারবার পাত্রের ঢাকনা খোলা কিংবা একাধিক পদ আলাদা করে তৈরি করার ফলে প্রায় ৩০ শতাংশ বেশি গ্যাস খরচ হয়ে যায়। এর পরিবর্তে প্রেসার কুকার বা ভালোভাবে ঢাকা দেওয়া পাত্র ব্যবহার করলে তাপ সহজে বাইরে বেরিয়ে যায় না। ফলে কম সময়েই খাবার সেদ্ধ হয় এবং জ্বালানির অপচয়ও কমে।


∆ গ্যাস বাঁচাতে কী কী বানাবেন?

* ডিম-আলুর তেহরি- যাঁরা একটু মশলাদার খাবার পছন্দ করেন, তাঁদের জন্য এটি দুর্দান্ত।

উপকরণ: চাল, সেদ্ধ ডিম, বড় করে কাটা আলু, পেঁয়াজ কুচি, গরম মশলা ও সামান্য বিরিয়ানি মশলা (ঐচ্ছিক)।

প্রণালী: হাঁড়িতে তেল দিয়ে গরম মশলা ও পেঁয়াজ লাল করে ভাজুন। তাতে আলু ও চাল দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিন। এবার পরিমাণমতো গরম জল ও নুন দিন। জল ফুটে উঠলে সেদ্ধ ডিমগুলো ছেড়ে দিয়ে ঢাকা দিন। দমে রান্না হওয়ায় গ্যাসের আঁচ খুব কম লাগে এবং রান্নার স্বাদও বাড়ে।

* মুগ ডাল ও আতপ চালের ভুনা খিচুড়ি- ভাজা মুগ ডালের সুগন্ধ এই রান্নায় আলাদা মাত্রা যোগ করে।

উপকরণ: সোনা মুগ ডাল, আতপ চাল, তেজপাতা, শুকনো লঙ্কা ও ঘি।

প্রণালী: প্রথমে ডালটা শুকনো খোলায় হালকা ভেজে নিন। এবার চাল ও ডাল একসঙ্গে ধুয়ে জল ঝরিয়ে রাখুন। কুকারে সামান্য তেল বা ঘি দিয়ে ফোড়ন দিন। চাল-ডাল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে জল ঢেলে দিন। চাল ও ডাল একসঙ্গে সেদ্ধ হওয়ার কারণে রান্নার সময় প্রায় অর্ধেক কমে যায়।

* চিড়ের পোলাও- সকাল বা বিকেলের জলখাবারে এর চেয়ে সাশ্রয়ী আর ভালো খাবার কিছু হয় না।

উপকরণ: মোটা চিড়ে, চিনেবাদাম, পেঁয়াজ, কাঁচালঙ্কা ও কুচানো সবজি।

প্রণালী: চিড়ে ধুয়ে জল ঝরিয়ে রাখুন যাতে ঝরঝরে থাকে। কড়াইতে সামান্য তেলে বাদাম ও সবজিগুলো ভেজে নিন। এবার নুন ও সামান্য চিনি মিশিয়ে চিড়ে দিয়ে দিন। আঁচ বন্ধ করে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রাখুন। ভাপেই চিড়ে নরম হয়ে যাবে, বাড়তি আগুনের দরকার নেই।

* সবজি দিয়ে ওয়ান-পট পাস্তা- জল ঝরানো বা পাস্তা আলাদা করে সেদ্ধ করার ঝামেলা ছাড়াই এটি বানানো যায়।

উপকরণ: পাস্তা, টমেটো কুচি, রসুন, লঙ্কা ও ঘরে থাকা যেকোনো সবজি।

প্রণালী: একটি পাত্রে পাস্তা, কুচানো সবজি, মশলা ও পরিমাণমতো জল (যাতে পাস্তা ডুবে থাকে) একসাথে দিয়ে দিন। এবার মাঝারি আঁচে ঢাকা দিয়ে রান্না করুন। পাস্তা সেদ্ধ হওয়ার সাথে সাথেই জল শুকিয়ে সসের মতো হয়ে যাবে। এতে জলের অপচয় যেমন কমে, তেমনই গ্যাসও সাশ্রয় হয়।

∆ গ্যাস বাঁচানোর কিছু জরুরি টিপস-

* চাল, ডাল বা সোয়াবিন রান্নার আগে গরম জলে ভিজিয়ে রাখলে তা দ্রুত সেদ্ধ হয়।

* সবজি সবসময় ছোট ছোট টুকরো করে কাটুন, এতে তা দ্রুত সুসিদ্ধ হয়।

* ভাত রান্নার সময় চালের সমপরিমাণ জল (১:২ অনুপাতে) দিলে জল ঝরানোর প্রয়োজন হয় না, ভাপেই রান্না শেষ হয়। 


You might also like!