Cooking

1 hour ago

Healthy Ice Cream Trend: বাজার চলতি কৃত্রিম আইসক্রিমে অনীহা? ঘরেই বানান স্বাস্থ্যকর চকোলেট আইসক্রিম,রইল পদ্ধতি

Homemade Healthy Chocolate Ice-Cream Natural Dessert Recipes
Homemade Healthy Chocolate Ice-Cream Natural Dessert Recipes

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  গরম পড়তেই ঠান্ডা আইসক্রিমের লোভ সামলানো কঠিন হয়ে যায়। কিন্তু অনেকেই স্বাস্থ্য সচেতনতার কারণে বাজারচলতি আইসক্রিম থেকে দূরে থাকেন। কারণ, সেগুলিতে থাকে অতিরিক্ত চিনি, কৃত্রিম রং ও নানা ধরনের প্রিজ়ারভেটিভ—যা শরীরের পক্ষে মোটেই ভাল নয়। তবে এই ধারণা বদলানোর সময় এসেছে। এখন খুব সহজেই বাড়িতে তৈরি করা যায় স্বাস্থ্যকর চকোলেট আইসক্রিম, যেখানে থাকবে না কোনও কৃত্রিম উপাদান। রান্নাঘরের পরিচিত কিছু পুষ্টিকর উপকরণ ব্যবহার করেই বানানো সম্ভব এই সুস্বাদু ডেজার্ট।

* নারকেলের দুধের চকোলেট আইসক্রিম: গরুর দুধে অ্যালার্জি হলে এই প্রণালী কাজে আসবে। ১ কাপ ঘন নারকেলের দুধ, ৩ চামচ কোকো পাউডার, ৪-৫টি খেজুর, সামান্য ভ্যানিলা এসেন্স নিতে হবে। প্রথমে খেজুর ও সামান্য নারকেল দুধ ব্লেন্ড করে ঘন মিশ্রণ তৈরি করে নিন। এ বার বাকি দুধ ও কোকো পাউডার মিশিয়ে ব্লেন্ড করুন। এতে ড্রাই ফ্রুটস মেশাতে পারেন। মিশ্রণটি আইসক্রিম মোল্ডে বা পাত্রে ঢেলে সারা রাত ফ্রিজে রাখতে হবে।

* চকো-বানানা ব্লিস:  এটি তৈরি করা সবচেয়ে সহজ এবং কলার প্রাকৃতিক পটাশিয়াম ও ফাইবার এতে বাড়তি পুষ্টি যোগ করে। এটি বানাতে ৩টি পাকা কলা নিতে হবে, ৩ চামচ ডার্ক কোকো পাউডার ও এ চামচ পিনাট বাটার। কলা ছোট ছোট টুকরো করে নিন। তার পর ভাল করে চটকে নিন। এর পরে কোকো পাউডার ও পিনাট বাটার মিশিয়ে ভাল করে ব্লেন্ড করতে হবে। আইসক্রিম মোল্ডে ঢেলে সারা রাত ফ্রিজে রেখে জমিয়ে নিন।

* ওট্‌স-আমন্ড চকোলেট ডিলাইট:  প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ স্বাস্থ্যকর আইসক্রিম যা খেলে ক্যালোরি বাড়বে না। আধ কাপ ওট্‌স, ১ কাপ কাঠবাদামের দুধ, ১ চামচ মধু ও ৩ চামচ কোকো পাউডার নিতে হবে। সব উপকরণ ব্লেন্ডারে দিয়ে খুব ভাল করে মিশিয়ে নিন। মিশ্রণটি একটু ঘন হবে। হয়ে গেলে তাতে চকোলেট চিপ মিশিয়ে পাত্রে ঢেলে ফ্রিজে রাখুন।

* চকো ফাজ আইসক্রিম:  একটি পাত্রে তিন কাপের মতো মাখন ও এক কাপ ডার্ক চকোলেট নিয়ে গলিয়ে নিন। এতে ডিম দিয়ে ভাল করে ফেটিয়ে তাতে ময়দা, কোকো পাউডার ও ভ্যানিলা এসেন্স মিশিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন। বেকিং ট্রেতে মিশ্রণটি ঢেলে উপর থেকে ছড়িয়ে দিন চকো চিপ্‌স আর আখরোট। এ বার ২০-২৫ মিনিটের জন্য বেক করুন ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। বার করে চৌকো চৌকো করে কেটে ফ্রিজে রেখে দিন। জমে গেলেই তৈরি হয়ে যাবে ফাজ আইসক্রিম।

স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখতে চাইলে বাজারের বদলে ঘরোয়া এই আইসক্রিম হতে পারে আদর্শ বিকল্প। অল্প সময়েই তৈরি, আর খেতেও দারুণ—গরমের দিনে তাই নিজের পছন্দের আইসক্রিম বানিয়ে নিন বাড়িতেই।   

You might also like!