
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বর্ষার সন্ধ্যা মানেই এক কাপ গরম চা আর মুখরোচক ভাজাভুজি— এমন ধারণা অনেকটাই চেনা। তবে রোজ একই খাবারে একঘেয়েমি এলে স্বাদে আনতে পারেন নতুনত্ব। এই সময় ঘরেই সহজ উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন সুস্বাদু ও স্বাস্থ্যকর নিরামিষ স্যুপ। বাজারে পাওয়া ইনস্ট্যান্ট স্যুপ তৈরি করা সহজ হলেও তাতে অনেক সময় অতিরিক্ত সোডিয়াম, কৃত্রিম ফ্লেভার, প্রিজারভেটিভ এবং অন্যান্য প্রক্রিয়াজাত উপাদান থাকে, যা নিয়মিত খাওয়া স্বাস্থ্যের জন্য খুব একটা উপকারী নয়। তার বদলে তাজা সবজি দিয়ে তৈরি ঘরোয়া স্যুপ হতে পারে অনেক বেশি পুষ্টিকর ও নিরাপদ বিকল্প।
১. সুইট কর্ন স্যুপ—
উপকরণ:
* সুইট কর্ন – ১ কাপ
* পেঁয়াজ কুচি – ২ টেবিলচামচ
* রসুন কুচি – ১ চা-চামচ
* মাখন – ১ টেবিলচামচ
* কর্নফ্লাওয়ার – ১ টেবিলচামচ (অল্প জলে গুলে নিন)
* জল/ভেজিটেবল স্টক – ৩ কাপ
* লবণ ও গোলমরিচ
প্রণালি: মাখনে রসুন ও পেঁয়াজ ভেজে নিন। সুইট কর্ন দিয়ে ২–৩ মিনিট নাড়ুন। মাপমতো লবণ ও গোলমরিচ দিন তাতে। জল/স্টক ঢেলে ১০ মিনিট ফুটিয়ে নিন। কর্নফ্লাওয়ার মিশিয়ে আরও ২ মিনিট ফুটতে দিন। অল্প গোলমরিচ ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।
২. পাতিলেবু-ধনেপাতার স্যুপ—
উপকরণ:
* ধনেপাতা কুচি – ১ কাপ
* লেবুর রস – ২ টেবিলচামচ
* রসুন – ৩ কোয়া
* আদা কুচি – ১ চা-চামচ
* ভেজিটেবল স্টক – ৪ কাপ
* গোলমরিচ গুঁড়ো
* লবণ
প্রণালি: সামান্য তেলে আদা-রসুন ভেজে নিন। স্টক ঢেলে ৫–৬ মিনিট ফুটতে দিন। লবণ দিন তাতে। ধনেপাতা দিয়ে আরও ২ মিনিট রান্না করুন। গ্যাস বন্ধ করে লেবুর রস মেশান। গোলমরিচ ছড়িয়ে পরিবেশন করুন।
৩. ক্রিমি মাশরুম স্যুপ—
উপকরণ:
* মাশরুম – ২০০ গ্রাম
* পেঁয়াজ – ১টি
* রসুন – ৩ কোয়া
* মাখন – ১ টেবিলচামচ
* ফ্রেশ ক্রিম – আধা কাপ
* ভেজিটেবল স্টক – ৩ কাপ
* গোলমরিচ ও লবণ
প্রণালি: মাখনে পেঁয়াজ ও রসুন ভেজে, মাশরুম দিন। লবণ দিন তারপর। মাশরুম নরম হলে স্টক ঢেলে ১০ মিনিট রান্না করুন। মিশ্রণটি ব্লেন্ড করে আবার পাত্রে ঢালুন। ক্রিম মিশিয়ে ২–৩ মিনিট ফুটতে দিন। গোলমরিচ ছড়িয়ে পরিবেশন করুন।
৪. টমেটো-বেসিল স্যুপ—
উপকরণ:
* পাকা টমেটো – ৫–৬টি
* রসুন – ৪ কোয়া
* পেঁয়াজ – ১টি
* বেসিল পাতা (না থাকলে সামান্য ধনেপাতা)
* লবণ ও গোলমরিচ
প্রণালি: টমেটো, পেঁয়াজ ও রসুন ভেজে নিন। জল দিয়ে ১৫ মিনিট ফুটিয়ে, ব্লেন্ড করুন। আবার পাত্রে ঢেলে ফুটতে দিন। এ সময় লবণ ও বেসিল/ধনেপাতা দিয়ে দিন। টোস্টেড বা গার্লিক ব্রেডের সঙ্গে পরিবেশন করতে পারেন।
৫. ভেজিটেবল স্যুপ—
উপকরণ:
* বাঁধাকপি কুচি
* গাজর কুচি
* ক্যাপসিকাম
* মাশরুম
* আদা-রসুন কুচি
* সোয়া সস – ১ চা-চামচ
* ভিনেগার – ১ চা-চামচ
* গোলমরিচ ও লবণ
* কর্নফ্লাওয়ার – ১ চা-চামচ
* ভেজিটেবল স্টক
প্রণালি: আদা-রসুন ভেজে সব সবজি দিয়ে দিন। স্টক ঢেলে ৮–১০ মিনিট ফুটিয়ে নিন। সোয়া সস, ভিনেগার, লবণ ও গোলমরিচ মেশান। কর্নফ্লাওয়ার দিয়ে সামান্য ঘন হয়ে এলে, গরম গরম পরিবেশন করুন।
তাই এ বার বৃষ্টিভেজা সন্ধ্যায় চা-ভাজা বা খিচুড়ির পাশাপাশি এক বাটি ধোঁয়া ওঠা নিরামিষ স্যুপও রাখতে পারেন খাবারের তালিকায়। স্বাদে ভিন্নতা যেমন আসবে, তেমনই শরীরও পাবে প্রয়োজনীয় পুষ্টির জোগান।
