
মালদা, ১০ ফেব্রুয়ারি : বাইক নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় ডাম্পারের সঙ্গে বাইকের ধাক্কায় গুরুতর আহত হল বাইক সওয়ার দুই মাধ্যমিক পরীক্ষার্থী। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার অন্তর্গত নাজিরপুর পঞ্চায়েতের খয়েরতলা এলাকায়। দু'জনেই বর্তমানে মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, দুর্ঘটনায় আহত দুই পরীক্ষার্থীর মধ্যে একজনের নাম রাজেশ খান এবং অপরজনের নাম রশিদ খান। দু'জনেরই বাড়ি মানিকচকের নুরপুর পঞ্চায়েতের পাঠান পাড়ায়। দুজনেই নুরপুর হাইস্কুলের ছাত্র এবং দু'জনের পরীক্ষার সিট পড়েছে মথুরাপুর হাইস্কুলে। মঙ্গলবার তারা বাইকে চেপে পরীক্ষা দিতে যাচ্ছিল। রাজেশ বাইক চালাচ্ছিল এবং রশিদ পেছনে বসেছিল। খয়েরতলা এলাকায় হঠাৎ করেই রশিদ বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা ডাম্পারে সজোরে ধাক্কা মারে বলে অভিযোগ। তাতেই গুরুতর আহত হয় ওই দুজন মাধ্যমিক পরীক্ষার্থী|
